ট্রাম্পের ইফতার আয়োজনে বাংলাদেশের রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইফতার আয়োজনে অংশ নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
স্থানীয় বুধবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত এ আয়োজনে মুসলিম দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম বছর ট্রাম্প ইফতারের আয়োজন করেননি। দ্বিতীয় বছরে এসে তিনি গত দুই দশকের রীতির অংশ হলেন।
এদিকে ইফতার আয়োজনের সময় বাইরে মুসলিম আমেরিকানরা বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত জাতীয়ভিত্তিক অনেক সংগঠনকেই এতে আমন্ত্রণ জানানো হয়নি।
‘ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা’ ও ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ এর নেতা-কর্মীরা এ আয়োজনের সমালোচনা করে জানান, এতে আমেরিকান মুসলিমদের চেয়ে বিদেশি প্রতিনিধির সংখ্যা বেশি ছিল।
আয়োজনে আরব দেশের রাষ্ট্রদূতদের মধ্যে ছিলেন সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তিউনিসিয়া ও ইরাকের রাষ্ট্রদূতরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
