নিউ ইয়র্কে বইমেলার উদ্বোধন স্থান পরিবর্তন
যুক্তরাষ্ট্রে মুক্তধারা ফাউন্ডেশনের ২৭তম বাংলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে জ্যাকসন হাইটসের পার্টি হল বেলোজিনোতে করা হয়েছে।
২২ জুন শুক্রবার জ্যাকসন হাইটসের বাঙালি মালিকানাধীন পার্টি হল বেলোজিনোতে মেলার উদ্বোধন হলেও পরবর্তী দুই দিন যথারীতি মেলা অনুষ্ঠিত হবে পি এস ৬৯-এর মিলনায়তনে।
বইমেলা চলবে স্কুলের ক্যাফেটেরিয়াতে। স্কুল ডিস্ট্রিক্টের বিশেষ প্রয়োজনে শুক্রবার বিকালে ওই স্কুলের অডিটরিয়াম ব্যবহার করতে শেষ মুহূর্তে অপারগতা প্রকাশ করায় আয়োজকরা নতুন স্থান ভাড়া করেছেন। বইমেলার স্থান থেকে এর দূরত্ব একেবারেই কম বলে জানান আয়োজকরা।
আয়োজকরা আরও জানান, উদ্বোধনী পর্বে থাকবে প্রাক-মেলা পর্ব, বিকেল ৫টায় নাগরিক জমায়েত ও অনানুষ্ঠানিক মত বিনিময়। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে বইমেলার আনন্দ শোভাযাত্রা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক ও আনিসুল হকসহ বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত লেখক, শিল্পী ও প্রকাশক।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ‘আগামী দিনের বাংলাদেশ ও আপনি’-এ বিষয়ে ভাষণ শেষে দর্শকদের প্রশ্নের জবাব দেবেন।
এছাড়া থাকবে নতুন প্রজন্মের শিল্পীদের অনুষ্ঠান ও বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলামের একক পরিবেশনা। বাংলাদেশ থেকে প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীও এবার বইমেলায় যোগ দিচ্ছেন বলে ২৭তম বইমেলার আহ্বায়ক নূরন নবী জানান।
নবী জানান, মুক্তধারা ফাউন্ডেশনের এ বইমেলায় এবার যোগ দিচ্ছেন রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, আবদুল্লাহ আবু সায়ীদ, আনোয়ারা সৈয়দ হক, আবুল হাসনাত, আবদুন নূর, সালেহা চৌধুরী, নাজমুন নেসা পিয়ারি, ইকবাল হাসান, দিলারা হাফিজ, ইফতেখারুল ইসলাম, সৈয়দ আল ফারুক, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আনিসুল হক, ফারুক হোসেন, সৌরভ সিকদার, জাফর আহমদ রাশেদ, মো.আব্দুস সামাদ, গীতালি হাসান, পারমিতা হিম, রিফাত কামাল সাইফ, নাসরিন জাবিন ও রুমা মোদক।
এছাড়া যোগ দিচ্ছেন জাতীয় গ্রন্থ কেন্দ্র পরিচালক এ কে রেজাউল করিম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ও সময় প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নির্বাহী পরিচালক ও অনন্যা প্রকাশনার স্বত্বাধিকারী মনিরুল হক, নিউ ইয়র্ক বইমেলা কর্তৃক ঘোষিত ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার’-এর সহযোগী ও কথাপ্রকাশের স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক, কালি ও কলম সাহিত্য পত্রিকার সম্পাদক ও বেঙ্গল প্রকাশনের নির্বাহী আবুল হাসনাত ও প্রথমা প্রকাশনের নির্বাহী জাফর আহমেদ রাশেদ।
আরও যোগ দেবেন অঙ্কুর প্রকাশনার প্রধান পরিচালক মেজবাউদ্দীন আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির পরিচালক ধ্রুবপদের স্বত্বাধিকারী এম ডি আবুল বাশার ফিরোজ শেখ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির পরিচালক ও তাম্রলিপি প্রকাশনার স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম রনি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার পরিচালক ও সন্দেশ প্রকাশনের স্বত্বাধিকারী লুৎফর রহমান চৌধুরী, ওয়াজেরে মাশফকি উল্লা তন্ময়, গতিধারা প্রকাশনার স্বত্বাধিকারী এমডি আবুল বাশার শিকদার, পুথিনিলয়ের স্বত্বাধিকারী শ্যামল পাল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সভাপতি ও আকাশ প্রকাশনার স্বত্বাধিকারী আলমগীর শিকদার লোটন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ পরিচালক জহিরুল আবেদীন জুয়েল, নালন্দা প্রকাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ রেদওয়ানুর রহমান জুয়েল, মদিনা পাবলিকেশন্সের পরিচালক সালমান খান ও আলপনার রান্নাঘর-এর আলপনা হাবিব।
উত্তর আমেরিকা থেকে যেসব বই বিক্রেতা ও প্রকাশনা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে তাদের মধ্যে রয়েছে মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুর, কোয়ান্টাম ফাউন্ডেশন নিউইয়র্ক ও ইসলাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
