সৌদি আরবে পেশাজীবীদের আলোচনা সভা
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অভিবাসী পেশাজীবীদের সাথে দেশে বিনিয়োগ, জনসেবা ও বিশেষজ্ঞ সংযুক্তি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রিয়াদের ম্যারিয়ট হোটেলে স্থানীয় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রবাসীরা আলোচনা সভায় অংশ নেন।
বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মো.কবিরাজ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার আবুল হাসান প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, মেধা, বিনিয়োগ ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার জন্য প্রবাসীদের আহ্বান জানান রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে মিশন উপ প্রধান নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রবাসীদের সকল ক্ষেত্রে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও মহসিন কাজী বাংলাদেশে গবেষণা, শিক্ষকতা ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রিয়াদ বাংলাদেশ কমিউনিটির নেতা এম আর মাহবুব দেশে সহজে বিনিয়োগ করার জন্য দূতাবাসের মাধ্যমে সরকারের সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.আবু কাওছার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
