কংগ্রেসপ্রার্থী মিজানের সমর্থনে সমাবেশ ওয়াশিংটনে
কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রার্থী মিজান চৌধুরীর সাফল্য কামনা করে অনুষ্ঠান করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
রোববার ওয়াশিংটন ডিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘মিজান চৌধুরী ফ্রেন্ডস অ্যান্ড সাপোর্টার্স গ্রুপ’।
সমাবেশে বাংলাদেশি-আমেরিকান মিজান চৌধুরী বলেন, “উন্নত জীবনের মধ্যে বসবাস করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার মানুষ। তবে আমি এমন এক জনপদের (ডিস্ট্রিক্ট ফাইভ) কথা আজ আপনাদের শোনাতে এসেছি, যাদের বাসস্থান সমস্যা প্রকট, দ্বিগুণ বেকারত্ব, স্বাস্থ্য সেবার সমস্যাসহ আরও অনেক কিছু নিয়ে তারা জর্জরিত। এখন তাদের অধিকার প্রয়োজন মেটানোর। কংগ্রেসম্যান হিসেবে এখানে ২০ বছর ধরে একজনই অবস্থান করছেন। যিনি তাদের দায়িত্ব নিতে পারছেন না। এখন প্রয়োজন একটি নতুন নেতৃত্বের।”
অনুষ্ঠানে মিজান চৌধুরী আরও বলেন, “এলাকার মানুষদের দুঃখ-কষ্টের পরিবর্তে সেবাদানের মনোভাবই আমাকে নির্বাচনে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। আমি তাদের পাশে থাকার দৃঢ়চেতনা নিয়েই ভোটারদের কাছে যাচ্ছি প্রতিদিন। তারা সাদরে আমাকে গ্রহণ করছেন।”
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বদরুল হুদা খান, মাজহারুল হক, মোহাম্মদ আলমগীর, আবু হানিপসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন রিদওয়ান চৌধুরী, কমিউনিটির কর্মী পিয়াস গমেজ, মাশহাদুল আলম রুপম ও শেখ গালিব রহমান।
এর আগে গত শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার সেভেন ডে অ্যাডভান্টিস চার্চ-এর এক অনুষ্ঠান হয়। এ সময় পেস্টর রুহ্যান স্পেন্সর এলাকার কংগ্রেস প্রার্থী হিসেবে মিজান চৌধুরীকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন। পরে আমন্ত্রিত অতিথি হিসেবে মিজান চৌধুরী উপস্থিতদের উদ্দেশ্যে তার নির্বাচনের বিভিন্ন ভিশন নিয়ে বক্তব্য দেন।
তিনি এ সময় তার এলাকার দীর্ঘদিনের বেকার সমস্যা, আবাসন সমস্যা, স্বাস্থ্য সেবা সমস্যা সমাধানের কথা বলেন। একটি আধুনিক টেকনোলজি পার্ক করার কথাও বলেন তিনি।
কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ফাইভে আগামী ২৬ জুন দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মিজান চৌধুরীর প্রতিদ্বন্দ্বী বর্তমান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
