২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রযুক্তি স্কলারশিপ পেলেন ২৮৩ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে প্রবাসীদের প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠান পিপল এন টেকের মিলিয়ন ডলারের প্রযুক্তি স্কলারশিপ পেলেন ২৮৩ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 11:30 AM

Updated : 11 Oct 2022, 12:23 PM

শনিবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী আবু বকর হানিপ তাদের প্রতিশ্রুত এক মিলিয়ন ডলারের স্কলারশিপ চূড়ান্ত করেছে।

সেই সাথে আবেদনকৃত প্রায় ২ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে ২৮৩ জনকে বিনা খরচে পাঁচটি খাতে প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কাজের বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

আবু বকর হানিপ বলেন, “এক মিলিয়ন ডলার প্রকল্পের সাফল্য নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের আরও কর্মবাজারে প্রবেশের জন্য উদ্যোগ নেওয়া হবে। মনোযোগের সাথে প্রশিক্ষণ শেষ করলে প্রত্যেকেই বার্ষিক ৮০ হাজার থেকে দুই লক্ষ ডলারের বেতনে চাকরির নিশ্চয়তা পেতে সমর্থ হবেন।”

ভার্জিনিয়া এবং নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়াসহ পিপল এন টেকের সকল ক্যাম্পাসে গত ২৬ ও ২৯ মে আলাদা আলাদা দুটি ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্কলারশিপে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সেখানে উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনলাইন এবং সরাসরি চিঠি দিয়ে মোট ১ হাজার ৯৫১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। যাচাই বাছাই করে প্রথমে ৩৮০ জনকে মনোনীত করা হয়। এরপর চূড়ান্তভাবে ২৮৩ জনকে বাছাই করা হয় প্রশিক্ষণে জন্য। বাকিদেরকে অপেক্ষমান তালিকায় বিশেষ পরিস্থিতিতে সুযোগ দেওয়ার জন্য রাখা হয়েছে।

পিপল এন টেক কর্তৃপক্ষ জানিয়েছে, এক মিলিয়ন ডলার স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ভর্তিকৃত এসব শিক্ষার্থীর মধ্যে সেলেনিয়াম এবং কিউটিপি, ইউএফটি প্রোগ্রামের ক্লাস শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকেই। ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেশন, ডেভঅপস এবং ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস শুরু হবে ২৩ জুন এবং ২৮ জুলাই থেকে।

গত এপ্রিল মাসে বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদেরকে প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্রের আইটি কর্মবাজারে প্রবেশের সুযোগ করে দিতে এক মিলিয়ন ডলারের স্কলারশিপ ঘোষণা করে পিপল এন টেক ফাউন্ডেশন। মে মাসের ৭ তারিখ পর্যন্ত চলা আবেদন সময়ে প্রায় দুই হাজার  শিক্ষার্থী আবেদন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!