২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের আলোচনা

যুক্তরাষ্ট্রে প্রয়াত হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের স্মৃতিচারণ ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 10:48 AM

Updated : 11 Oct 2022, 12:23 PM

শুক্রবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তারেক চৌধুরী দীপু ও পরিচালনা করেন সদস্য-সচিব বদিউজ্জামান বদি।

বিএনপির ঢাকা মহানগরের সাবেক সদস্য-সচিব আব্দুস সালাম আরো বলেন, “সামনের কয়েকটি মাস খুবই গুরুত্বপূর্ণ। সে সময়ে সকলকে দেন-দরবার করতে হবে আন্তর্জাতিক মিত্রদের সমর্থন সুসংহত করতে।”

বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি আদায়ে প্রবাসীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

সালাম আরও বলেন, “বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ভদ্রলোক এবং দেশপ্রেমিক লোকজনের পক্ষে বাংলাদেশ কোনভাবেই নিরাপদ নয়। বিচার বিভাগের ওপর আস্থাহীনতা ক্রমেই বাড়ছে।”

সালাম বলেন, “গোলযোগপূর্ণ বিশ্বে শান্তি আনতে বাংলাদেশের সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ওইসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনেও বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। অথচ নিজ দেশের নির্বাচনে সেই সেনাবাহিনীকে দায়িত্ব দিতে ভয় পাচ্ছে বর্তমান অনির্বাচিত সরকার। এর মাজেজা কী?”

বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, “ঈদের পর প্রবাসীরাও আন্দোলনের রূপরেখা অনুযায়ী কাজে আগ্রহী। আমরা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।”

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, “বেগম জিয়াকে সাজানো মামলায় কারাগারে রাখা হয়েছে। এর চেয়ে কঠিন সংকট আর হতে পারে না। তাই এখন সময় হচ্ছে দুর্বার আন্দোলনের। আমরা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ন্যায় নেতৃত্ব চাই।”

সভায় অনেকের মধ্যে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুগ্ম সম্পাদক কাজী আজম, সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন ভূইয়া, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাকসুদ এইচ চৌধুরী, রাজনীতিক-কলামিস্ট আলী ইমাম শিকদার এবং বিএনপি নেতা মার্শাল মুরাদ।

শেখ হায়দারে কোরান পাঠের মধ্য দিয়ে শুরু এ আলোচনার সমাপ্তি ঘটে ইফতারের মাধ্যমে। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সৈয়দ ওয়াহিদুল আলম, সদ্য প্রয়াত মিল্টন ভূইয়ার মায়ের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে।

বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের এ সমাবেশে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফিরোজ আহমেদ, রফিকুল মাওলা, নাসিম আহমেদ, বাবুল চৌধুরী, মশিউর রহমান, ফারুক মজুমদার, সাঈদুর খান ডিউক ও জাহাঙ্গির সোহরাওয়ার্দি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!