লন্ডন চেস লীগে চ্যাম্পিয়ন বাংলাদেশি ক্লাব
যুক্তরাজ্যের ১৩২ বছরের ঐতিহ্যবাহী ‘লন্ডন চেস লীগে’ প্রথমবারের মতো অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন’ (বিবিসিএ)।
প্রতিযোগিতার ডিভিশন ফোরে গ্রেটার লন্ডনের অপর ১২টি ক্লাবের সঙ্গে লড়াই করে সাড়ে ১০ পয়েন্ট পায় দলটি। এ জয়ে আগামী বছর চেস লীগের ডিভিশন থ্রিতে অংশ নেওয়ার যোগ্যতা পেলো তারা।
স্থানীয় সময় বুধবার সেন্ট্রাল লন্ডনের হলবোর্নের কাছে সিটাডাইনস হোটেলে অনুষ্ঠিত শেষ ম্যাচে ওয়ানস্টেড অ্যান্ড উডফোর্ড় চেস ক্লাবকে ৭-১ ব্যবধানে হারায় বাংলাদেশিদের এ ক্লাব।
চেস লীগের সেক্রেটারি ব্রায়ান স্মিথ বলেন, “এটি সাম্প্রতিক কালের একটি অনন্য ঘটনা। ১০ বছর আগে প্রথমবার লীগে যোগ দেওয়া ইম্পিরিয়াল কলেজ চ্যাম্পিয়ন হয়েছিল।”
বিবিসির এর সাধারণ সম্পাদক মুশতাক চৌধুরী চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানান।
বিবিসিএ এর প্রধান উপদেষ্টা আবু মুসা হাসান জানান, ২০১৫ সালের জুন মাসে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশিদের দাবা ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪০।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
