২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ২৭তম নিউ ইয়র্ক বইমেলা

‘বই হোক আমাদের উত্তরাধিকার’ শ্লোগানে মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ২৭তম নিউ ইয়র্ক বইমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 02:28 PM

Updated : 25 Jul 2022, 08:33 PM

চলতি মাসের ২২, ২৩ ও ২৪ তারিখ নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে পিএস ৬৯ স্কুল মিলনায়তনে এ মেলা হবে বলে আয়োজকরা জানান।

স্থানীয় সময় রোববার বিকেলে নিউ ইয়র্ক কুইন্স ভিলেজে বইমেলার অর্থসংস্থান ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনায় এ তথ্য জানায় সংগঠনটি।

এ সভায় উপস্থিত ছিলেন এবারের বইমেলার আহ্বায়ক নূরন্নবী, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ, আগের বছরের বইমেলার আহ্বায়ক ফেরদৌস সাজেদীন, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস, রানু ফেরদৌস, জেএফবি গ্রুপের পক্ষে গোলাম ফারুক ভুঁইয়া, ফারুক আজম, ওবায়দুল্লা মামুন, আহমাদ মাযহার, নাসরিন চৌধুরী, জসিম সরকার, আদনান সৈয়দ, লুবনা কাইজার, সাবিনা হাই উর্বি, শুভ রায় ও বিশ্বজিত সাহা।

তারা জানান, বইমেলার তিনদিনের বিভিন্ন অনুষ্ঠানমালায় থাকবে শহীদ জননী জাহানার ইমামের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ‘ফের সায়ীদ স্যারের ক্লাসে’, নাট্যানুষ্ঠান ‘স্মৃতি একাত্তর’, জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেনের দ্বৈত পরিবেশনা ‘বেলাশেষের গান’। এছাড়া থাকবে নতুন বইয়ের আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার ও লেখকদের আড্ডা।

এবারের মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন- রামেন্দু মজুমদার, আবদুল্লাহ আবু সায়ীদ, শামসুজ্জামান খান, আনিসুল হক, আবদুন নূর, আনোয়ারা সৈয়দ হক, আবুল হাসনাত,  দিলারা হাফিজ, সাইফ ইমাম জামি, জাফর আহমেদ রাশেদ, ইফতেখারুল ইসলাম, আফজাল হোসেন, ইকবাল হাসান, সৈয়দ আল ফারুক, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম,  ফারুক হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুস সামাদ, আরিফ হোসেন ছোটন, সৌরভ সিকদার, গীতালি হাসান, পারমিতা হিম, নাজমুন নেসা পিয়ারী, সালেহা চৌধুরী, সরিন জাবিন, আহমেদ মাহমুদুল হক ও মনিরুল হক।

বাংলাদেশ থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম ও শামা রহমান বইমেলায় সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বিশেষ সংবর্ধনা দেয়া হবে একাত্তরের ঘাতকদের বিচার দাবিতে শহীদ জননী জাহানারা ইমাম সৃষ্ট গণআদালতে যোগ দেওয়া এটর্নি থমাস কিটিংকে।

এবারের বইমেলায় ‘মুক্তধারা বা জেএফবি সাহিত্য পুরস্কার ২০১৮’ ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানান। এছাড়া মেলায় অংশ নেওয়া সংস্থাগুলোর পক্ষ থেকে ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার ২০১৮’ দেওয়া হবে বলে জানা গেছে। ‘কথা প্রকাশ’ এটি স্পন্সর করেছে এবং চিত্তরঞ্জন সাহার নামে প্রথমবারের মতো প্রবাসে সাহিত্য পুরস্কার চালু হচ্ছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা।

এবারের বইমেলায় স্থানীয় বিক্রেতাসহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে পনেরোটির বেশি প্রকাশনা সংস্থা থাকবে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, প্রথমা প্রকাশন, বেঙ্গল প্রকাশনা, কথাপ্রকাশ, নালন্দা, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, অঙ্কুর প্রকাশনা, স্টুডেন্ট ওয়েজ, আকাশ প্রকাশনা, তাম্রলিপি, মদিনা পাবলিশার্স, ধ্রূবপদসহ বিশটির বেশি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে।

ইতোমধ্যে বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের তালিকা উত্তর আমেরিকার পাঠকদের কাছে বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় মুক্তধারা ফাউন্ডেশন। প্রবাসে বসবাসরত লেখকদের প্রকাশিত  নতুন বইয়ের তালিকার কাজ শুরু করেছেন তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!