২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলন

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনার প্রতিবাদে’ যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 11:59 AM

Updated : 19 Aug 2022, 02:00 PM

রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ইত্যাদি পার্টি হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘তারেক রহমান স্বদেশ প্রতাবর্তন সংগ্রাম পরিষদ’।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদ।

যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মজিবর রহমান মজুমদার অনুষ্ঠানে বলেন, “সহিংসতা নয়, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে এবং মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে।”

মজুমদার আরও বলেন, “শেখ হাসিনা এবং তার দলের জনসমর্থন শূন্যের কোটায় নেমে এসেছে। পরাজয় নিশ্চিত জেনেই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করা হলো। খুলনার নির্বাচন নিয়েও নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে সরকারী দল।”

এ সময় নেতাদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিএনপি নেতা মার্শাল মুরাদ, এম এ সবুর, মতিউর রহমান লিটু, আহবাব খোকন ও খলকুর রহমান।

সাজ্জাদ অভিযোগ করে বলেন, “বেগম জিয়াকে বন্দি এবং তারেক রহমানের বিরুদ্ধে লাগাতার কুৎসা রটিয়েও স্বস্তি পাচ্ছে না আওয়ামী সরকার। নির্বাচনে বিএনপি অংশ নিয়ে নৌকা মার্কার সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলেই বিএনপির নিষ্ঠাবান কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন আর হয়রানি করা হচ্ছে। গুমের শিকারও হচ্ছেন নেতাকর্মীরা।”

“জেলে যাবার সময় শান্তিপূর্ণভাবে আন্দোলনের নির্দেশ দিয়ে গেছেন চেয়ারপারসন, সে অনুযায়ী প্রবাসেও কার্যক্রম চালানো হচ্ছে”- বলে উল্লেখ করেন পারভেজ সাজ্জাদ।

মার্শাল মুরাদ বলেন, “বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে। সরকারী বাহিনীর নির্যাতনের মাত্রা বাড়ার সাথে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বেগম জিয়াকে কারাগারে নিয়েও বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধির ঢেউ ঠেকানো যাচ্ছে না বলেই সরকার বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে জনগণকে বিভ্রান্ত করার মতলবে।”

যুক্ত বিবৃতিতে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি ও লন্ডনে চিকিৎসারত তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারণা বন্ধের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জাসাস সভাপতি আবু তাহের ও সেক্রেটারি কাওসার আহমেদ খালেদা জিয়াকে মুক্ত করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় শীঘ্রই জাতিসংঘের সামনে মানববন্ধন করা হবে বলে জানান।

যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে গিয়াস আহমেদ, সোলায়মান ভূইয়া, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি আরেক বিবৃতিতে জানান, স্টেট ডিপার্টমেন্টের সামনেও মানববন্ধনের অনুমতির চেষ্টা করা হচ্ছে। জাতিসংঘ, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টের কর্মসূচির পাশাপাশি ক্যাপিটল হিলেও স্মারকলিপি দেওয়া হবে।

পৃথক আরেক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল ক্ষোভের সাথে বলেন, “বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র কখনোই সফল হতে দেব না। সরকারের স্বৈরশাসনের ব্যাপারে আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করা হচ্ছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!