আটলান্টায় বৈশাখী মেলা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আগাম বর্ষবরণ ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্থানীয় বার্কমার হাই স্কুল মিলনায়তনে এ মেলার আয়োজন করে ‘জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন’।
এরপর পরই মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংগঠনের সভাপতি মোহন জব্বার ও সাধারণ সম্পাদক উত্তম দে স্বাগতিক বক্তব্য দেন। মেলা প্রাঙ্গণে দেশীয় পণ্যের স্টল বসে।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন সেলিম চৌধুরী, শম্পা জামান, আবুল হাশেমসহ আরও অনেকে। এছাড়া ছিল নাচ, নাটিকা ও কৌতুকাভিনয়। নাচ পরিবেশন করেছে শিশু শিল্পী সেরা চক্রবর্তী, ‘বানভাসী’ শীর্ষক একক নাটিকা করেছেন রাশেদ চৌধুরী এবং কৌতুক নাটকে অংশ নেন সৈয়দ কামড়ান আলম, মিনহাজুল ইসলাম বাদল ও শামীমা জব্বার।
এ আয়োজনে স্পনসর হিসেবে ছিলো আটলান্টার সেবা সংগঠন এমএন্ডজে ফাউন্ডেশন ও রাজবয়। রাজবয়-এর সত্ত্বাধিকারী মোহাম্মদ রহমান আজাদ শুভেচ্ছা বক্তব্য দেন।
পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে কোনো প্রবেশ মূল্য ছিল না প্রবাসীদের জন্য। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ভাস্কর চন্দ।
আয়োজক সংগঠনের সভাপতি মোহন জব্বার জানান, বাংলা বর্ষবরণের আরও কয়েকদিন বাকি থাকলেও প্রবাসে সময়-সুযোগ মতো নির্ধারিত তারিখ অনুযায়ী মিলনায়তন পাওয়া দুঃসাধ্য হয়ে যায় বলেই এবারে তাদের এই আগাম আয়োজন ছিল।
জব্বার বলেন, “প্রবাসের মাটিতে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম এই বর্ষবরণ ও বৈশাখী মেলার মধ্যে দিয়ে নতুন প্রজন্ম কিছুটা হলেও যদি শেকড়ের সাথে পরিচিত হতে পারে, তাহলেই আমাদের আয়োজন সার্থক হয়েছে মনে করব।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
