কোপেনহেগেনে স্বাধীনতা দিবস পালিত
যথাযথ মর্যাদায় ডেনমার্কে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সকালে বাংলদেশ ও সারাবিশ্বে পালিত কর্মসূচির সাথে মিল রেখে কোপেনহেগেন সময় ভোর ৪টায় কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাসে ওই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডেনমার্কের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সমবেত জাতীয় সঙ্গীত ও দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সূচনা করেন ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত।
সন্ধ্যায় কোপেনহাগেনে বাংলাদেশ দূতাবাস স্থানীয় ঐতিহ্যবাহী 'নর্থ আটলান্টিক' হলে দিবসটি উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
আগত অতিথিদের মধ্যে ডেনমার্কের পররাষ্ট্রসহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, চল্লিশ জনেরও রাষ্ট্রদূত, শার্জ-দ্য-অ্যাফেয়ার্স, কূটনীতিক কোরের সদস্যরা, সংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ আড়াই শরও বেশি অতিথি ছিলেন।
দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। রাষ্ট্রদূত মুহিত তাঁর শুভেচ্ছা বক্তৃতায় উন্নয়নশীল দেশের তালিকায় সম্প্রতি বাংলাদেশের অন্তর্ভুক্তির খবর সবাইকে জানান।
তিনি উন্নয়ন সহযোগীদের এই উত্তরণের হাত ধরে আসা অপার সম্ভাবনা কাজে লাগানোর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে বাংলাদেশের সঙ্গী হওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, ডেনমার্কের নের্তৃত্বে গঠিত পি-৪জি (পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড গ্লোবাল গোলস্ ২০৩০), এ সক্রিয় অংশীদারিত্ব বাংলাদেশের সবুজ অর্থনীতিতে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।”
বৈধ ও নিরাপদ অভিবাসন এর ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার এর উপর গুরূত্ব আরোপ করে রাষ্ট্রদূত বলেন, “বর্তমানে ডেনমার্কে কোন অবৈধ বাংলাদেশি নেই।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ-প্যারিস, সুইডেন আর ডেনমার্কের প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত একটি সাংস্কৃতিক পরিবেশনা আগত অতিথিদের বিমোহিত করে।
তাঁরা প্রাণভরে উপভোগ করেন দোতারা-তবলা আর বাঁশির অনন্য উপস্থাপনা আর ধ্রুপদী নৃত্য। সান্ধ্যভোজে দূতাবাসের আয়োজনে মুখোরোচক দেশি খাবার পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কর্নারে বাংলাদেশি বাইসাইকেল, হস্তশিল্প, মসলিন, জামদানি, সিরামিক, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়, যা বিদেশি অতিথিরা আগ্রহ নিয়ে দেখেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
