সিডনিতে সাংবাদিকতার টুকরো স্মৃতি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের নিউজ কভার শেষ করে বেরিয়েছি। স্মৃতিসৌধের সামনে পৌঁছে দেখি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ছোট্ট একটি মেয়ে শহীদ বেদিতে ফুল দিচ্ছে।
তার মা একটু দূরে দাঁড়িয়ে আছে। সে কোন কারণে স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। কিন্তু সময় বের করে শিশুটি ঠিকই ফুল দিতে এসেছে। প্রবাসে আমার সাংবাদিকতার জীবনে এটি অসামান্য একটি স্মৃতি।
গত মাসে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিল উত্থাপিত হয়েছিলো। আমি আগেভাগে ছুটির ব্যবস্থা করতে পারিনি। খুব মন খারাপ নিয়ে সকালে ঘুম থেকে উঠেছি। স্ত্রীর পরামর্শে অফিসে গিয়ে ম্যানেজারকে সত্যি কথা বললাম। আমার ছুটি মঞ্জুর হলো। ছুটে গেলাম ক্যানবেরার পার্লামেন্ট হাউজে। বিল পাশ হলো। আমরা সবাই আনন্দে প্রায় কেঁদেই ফেললাম।
কয়েকমাস আগে একজন বাংলাদেশি অফিসে এসে আমার সঙ্গে দেখা করতে চাইলো। অভ্যর্থনা ডেস্ক থেকে আমার নাম জানতে চাইলে সে জানালো, ‘নাইম আবদুল্লাহ’। কর্মরত অস্ট্রেলিয় বুড়ি জানালো এই নামে এখানে কেউ চাকরি করেন না। বেচারি দমবার পাত্র নয়। অন্যদিকে অতিথি বগলদাবা করে সঙ্গে আনা একটি বাংলা পত্রিকার পাতায় ছাপা আমার ছবি বুড়িকে দেখালো।
বুড়ি হেসে বললো, ওহ তুমি আবু আবদুল্লাহর সঙ্গে দেখা করতে চাও? ভদ্রলোক আমার সঙ্গে দেখা করে কপট অভিমানে বললো, ভাই নাম নিয়ে এই ধান্দাবাজি ছাড়েন!
যখন প্রবাসে প্রথম লেখালেখি শুরু করি তখন একদিন রাতে এক ভদ্রলোক ফোন করে আমার লেখা সংবাদ নিয়ে তার আপত্তিকর কথাবার্তা শুরু করলো। আমি তাকে যতই বোঝানোর চেষ্টা করি তার বিশ্রি কথা ততই বাড়তে থাকে। আমি একসময় বিরক্ত হয়ে ফোন রেখে দেই। গত কয়েকবছর কোন অনুষ্ঠানে দেখা হলে তিনি আমাকে এড়িয়ে চলেন।
কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তিনি আগ বাড়িয়ে আমার সঙ্গে হাত মিলিয়ে বললেন, আপনার নিউজ লেখার স্টাইল আগের চেয়ে আরও খারাপ হয়েছে। আফসোস কোন উন্নতি নেই। কিন্তু ব্রাদার আপনার প্রেমের কবিতাগুলো এক্কেবারে অন্তরে হুল ফুটিয়ে যায়। কিন্তু গালি জারি রেখেছি। আমি এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হই কেউ আমাদের কথা শুনছে কিনা।
গত বছর একটি মেলার নিউজ কভার করতে গেছি। কোনভাবেই অন্যদের যন্ত্রণায় ভিডিও করতে পারছি না। এক পর্যায় এক উৎসুক ব্যক্তি আমার আইডি কার্ড চেয়ে বসল। বাক বিতর্ক চলল। ধৈর্যের বাঁধ অতিক্রম হলে বললাম, মেলা কমিটির কাছে গিয়ে জেনে আসেন। উৎসুক ব্যক্তি আর ফিরলো না।
গত বছর সিডনি থেকে মুদ্রিত পত্রিকা ‘স্বাধীন কণ্ঠ’ আয়োজিত এক বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে আমাকে অন্যান্য লেখকের সঙ্গে গাছের চারা উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। চারাটি অনুষ্ঠান স্থলের এক কোনায় রেখে নিউজ কভার করছি। অনুষ্ঠান শেষে চারাটি না পেয়ে আমি ব্যাপারটা প্রধান সম্পাদককে জানাই। তিনি চারা খুঁজে বের করে পরদিন শীতের রাতে স্ত্রীসহ আমার বাসায় এসে হাজির। আমি বেকুব বনে যাই।
সিডনি থেকে প্রকাশিত আরেকটি পত্রিকা ‘স্বদেশ বার্তার’ পুনমুদ্রণ হয়েছে গত সপ্তাহে। সৌজন্য কপি নিয়ে পত্রিকার প্রধান সম্পাদক নিজে এসে আমার অফিসে হাজির। কমিউনিটির একজন ক্ষুদ্র সাংবাদিক ও লেখক হিসেবে তিনি নিজ হাতে আমাকে পত্রিকা দিয়ে গেলেন। সমীহ নিয়ে আমার দিকে তাকালেন। আমি পেছন ফিরে চোখ মুছলাম।
লেখক: সিডনি প্রবাসী সাংবাদিক
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
