যুক্তরাষ্ট্রে ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা
যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা সভা করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
বুধবার কনস্যুলেট জেনারেলের মিলয়াতনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সন্ধ্যায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো.আরিফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি কনসাল জেনারেল মো.সাহেদুল ইসলাম।
সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “এই ভাষণ আর বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সারা পৃথিবীর মানুষের অনুপ্রেরণাদানকারী একটি দলিলে পরিণত হয়েছে যা মানুষকে জাগ্রত রাখবে তাদের দাবি আদায়ের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “৭ মার্চের ভাষণ না হলে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না। আজ দেশে-বিদেশে আমরা সবাই ৭ মার্চের ভাষণের সুফল পাচ্ছি।”
আলোচনায় আরও অংশ নেন মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নুর ও একাত্তরের ৭ মার্চে রেসকোর্স ময়দানের প্রত্যক্ষদর্ধী আকিব হাসান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
