২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে লন্ডনে ‘ওয়ার্ল্ড কারি এক্সপো’

যুক্তরাজ্যের রেস্তোরাঁগুলোর অংশগ্রহণে লন্ডনে এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড কারি এক্সপো’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 10:19 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে ‘ওয়ার্ল্ড কারি এক্সপো’র ঘোষণা দেন এর আয়োজকরা।

তারা জানান, এ বছরের অক্টোবরের ৭ তারিখে ‘কারি লাইফ’ পত্রিকার নবম পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে লন্ডনের রয়েল ল্যাংকাস্টার হোটেলে।

পাশাপাশি ওই একই ভেন্যুর নিচতলায় সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে ‘কারি লাইফ’ এর সম্পাদক সৈয়দ বেলাল আহমদ বলেন, “আমরা আশা করি এই এক্সপোতে চার হাজার দর্শনার্থীর সমাগম হবে। এটি হবে এমন একটি বাণিজ্য মেলা যা রেস্টুরেন্ট ব্যবসায়ী, সাপ্লায়ার এবং ক্যাটারিং ট্রেডের সাথে জড়িতদের মিস করা উচিত হবেনা বলে আমি মনে করি।”

“ব্যবসায়ী যারা নিত্য নতুন আইডিয়া খুঁজছেন, ব্যবসার উন্নয়নে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে উন্নত টেকনোলজির সংযোগ চাইছেন অথবা ড্রিংকসসহ রেস্টুরেন্ট ট্রেডের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সেরা ‘ডিল’ খুঁজছেন তারা এই এক্সপোতে আসলে লাভবান হবেন।”

‘ওয়ার্ল্ড কারি এক্সপো’ এর প্রধান পৃষ্ঠপোষক  অনলাইনে খাবার অর্ডার দেওয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ‘জাস্ট ইট’।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গ্রাহাম করফিল্ড বলেন, “আমরা কারি লাইফ অ্যাওয়ার্ড ও ওয়ার্ল্ড কারি এক্সপোর মূল পার্টনার হিসাবে গর্বিত।

“ব্রিটিশরা মাইন্ড কারি কোরমা থেকে শুরু করে ঝাল কারি ভিন্দালু পর্যন্ত সব ধরনের খাবারই ভালবাসেন। এশিয়ান খাবার এখন ব্রিটিশ সংস্কৃতির একটি বিশাল অংশ হয়ে দাঁড়িয়েছে এবং ‘জাস্ট ইট’-র প্লাটফর্মে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

“খ্যাতনামা থেকে শুরু করে ছোট প্রতিষ্ঠানগুলোও এক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিচয় রেখেছে। ‘ওয়ার্ল্ড কারি এক্সপো’ এমন একটি আদর্শ অনুষ্ঠান হতে যাচ্ছে যেখানে কারি এবং ক্যাটারিং ইন্ডাস্ট্রির জন্য সুযোগ তৈরি হবে।”

ওয়ার্ল্ড কারি এক্সপোর জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে মাত্র ১৫ পাউন্ড।

এদিকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলাদাভাবে ‘কারি লাইফ’ পুরস্কার অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

কারি লাইফ এর প্রধান সম্পাদক সেয়দ নাহাস পাশা বলেন, “শুধু ইউরোপ নয় বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ বহুজাতিক গোষ্ঠির বাস হচ্ছে এই লন্ডন মহানগরীতে। বিশ্বের যেকোনও নগরীর থেকে বেশি কারি রেস্টুরেন্ট রয়েছে এই সিটিতে। বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, শ্রীলংকান, মালয়েশিয়ান, থাই অথবা চীনা কারির গ্লোবাল হাব হচ্ছে লন্ডন। আর এজন্যেই আমরা এই সিটিতে ওয়ার্ল্ড কারি এক্সপোর আয়োজন করতে পেরে গর্বিত।”

“আমাদের ইন্ডাস্ট্রি ও বিশেষ করে ব্রিটিশ কারি বিজনেস প্রমোট করার জন্য নিত্য নতুন আইডিয়া নিয়ে আসার ক্ষেত্রে কারি লাইফ হচ্ছে ট্রেন্ড সেটার। আমাদের ইন্ডাস্ট্রিকে ঐক্যবদ্ধ করতে এবং সাফল্য উদযাপনে কারি লাইফের এই নতুন আয়োজন ‘সেলিব্রেটিং অল থিংস কারি’।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কোবরা বিয়ারের সেলস ডিরেক্টর স্যামসন সুজেল, জাস্ট ইট এর মার্কেটিং ম্যানেজার সামান্থা, ট্রাভেল লিঙ্ক লিমিটেডের এমডি ও প্রধান নির্বাহী সামি  সানাউল্লাহ, ইউনিসফট এর ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক (টিপু) সহ রেস্টুরেন্ট ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!