রিয়াদে সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশিসহ নিহত ৩
সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ভারতীয় ও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত বাংলাদেশির নাম আসাদউল্লাহ (২২)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পাকারদো গ্রামের জামাতউল্লাহর ছেলে।
আসাদের মামা সৌদিপ্রবাসী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে রিয়াদের সানাইয়া এলাকায় তাদের ভাড়া বাসায় বিস্ফোরণের ওই ঘটনায় ঘটনাস্থলেই তার ভাগ্নের মৃত্যু হয়।
“আসাদ এসেছিল প্রায় চার বছর আগে। জেদিদ সানাইয়ায় একটা বৈদ্যুতিক কেবল কারখানায় কাজ করত। এবার ছুটিতে ওপর দেশে গিয়ে বিয়ে করার পরিকল্পনা ছিল।”
ওই কারখানার কর্মী প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ বলেন, আসাদের লাশ রিয়াদের সিমুসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
রিয়াদে বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বাংলাদেশে আসাদের পরিবাবারের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত নিয়ে লাশ সৌদি আরবে দাফন বা দেশে পাঠানোর ব্যবস্থা করবেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
