মেলবোর্নে বাংলাদেশি ব্যবসায়ীদের মত বিনিময় সভা
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মুহাম্মাদ আব্দুল মান্নানের নেতৃত্বে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল প্রবাসী ব্যবসায়ীদের সাথে এ মত বিনিময় সভা করে।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপি ও মুহিবুর রহমান মানিক এমপি।
অনুষ্ঠানের শুরুতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে মেলবোর্ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় স্বাগত বক্তব্য দেন মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলম।
মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.রাশিদুল হক।
প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠানে আগত ব্যবাসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধি দল প্রবাসী ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম উদ্যোগ ও সুযোগ-সুবিধার কথা জানান এবং বিভিন্ন রকম দিক-নির্দেশনা দেন।
আবুল কালাম আজাদ এমপি ব্যবসা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগের পাশাপাশি পরিকল্পনা ও অর্থ-মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথেও যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি অষ্ট্রেলিয়ান নাগরিকদেরকেও বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে উদ্যোগ নিতে বলেন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, শামস রহমান ও মেলবোর্ন ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মুন্না।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
