২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে নীনা আহমেদের নির্বাচনী তহবিল সংগ্রহ

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী বাংলাদেশি-আমেরিকান নীনা আহমেদের নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠান করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 10:51 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে অনুষ্ঠিত হয় নীনার নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠান।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন যৌথভাবে পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও সিইও প্রকৌশলী আবুবকর হানিফ ও আইটি বিশেষজ্ঞ রেদওয়ান চৌধুরী। এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন এন্থনি পিযুষ গোমেজ ও আনিকা রহমান।

অনুষ্ঠানে কর্মস্থলে নারী শ্রমিকের ওপর যৌন হামলা বন্ধের পাশাপাশি কঠোর পরিশ্রমী অভিবাসীদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার অঙ্গিকার, অস্ত্র নিয়ন্ত্রণ আইন অবিলম্বে তৈরির পক্ষে জনমত গঠন, খেটে খাওয়া মানুষদের চিকিৎসা-সেবা মজবুত করতে অঙ্গরাজ্য প্রশাসনকে উদ্বুদ্ধ করাসহ বেশ কয়েকটি দাবিতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নীনা আহমেদ।

নীনা বলেন, “মূলধারায় আরোহণে চাই সর্বসাধারণের মৌলিক সমস্যার গভীরে পৌঁছানো। বাংলাদেশিরা কী ধরনের সমস্যায় রয়েছেন, প্রতিবেশী ভিনদেশিদের কী ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে-এসব জানতে হবে সকলের সাথে সুসম্পর্ক রচনার মধ্য দিয়ে। ২৫ বছরেরও অধিক সময় যাবত আমি সে কাজগুলোই করছি।”

অনুষ্ঠানে নীনা আরও বলেন, “বিদ্বেষ আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো লেফটেন্যান্ট গভর্নর হতে পারলে। বহুজাতিক এই সমাজে শুধু নিজের কম্যুনিটির মধ্যে বিচরণ করলে চলবে না, সকল ভাষা-বর্ণ আর গোত্রের মানুষের সাথে মিশে যেতে হবে।”

কেন সকলকে নীনার পক্ষে জোট গড়া প্রয়োজন, সে প্রেক্ষাপট উপস্থাপন করেন আবুবকর হানিফ। রেদওয়ান চৌধুরী ছাড়াও নীনার পক্ষে সকলকে একযোগে কাজের উদাত্ত আহ্বান জানান ডেমোক্র্যাট ওয়াহেদ হোসাইনী ও মোহাম্মাদ আলমগীর। 

অনুষ্ঠানে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসাইন, মাজহারুল হক, প্রিয় লাল কর্মকার ও ভয়েজ অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।

আসছে ৩১ মার্চ দুপুরে নিউ ইয়র্ক সিটিতেও নীনার তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান হবে বলে জানায় আয়োজকরা। ‘ফ্রেন্ডস অব নীনা’র ব্যানারে এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!