২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদিনায় ‘মেহেরজান’ মেলায় বাংলাদেশ

সৌদি আরবে সপ্তম স্বদেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য মেলা ‘মেহেরজান’-এ অংশ নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 12:09 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

স্থানীয় সময় মঙ্গলবার মদিনা বিশ্ববিদ্যালয় আয়োজিত দশ দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মদিনার গভর্নর ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি হাতেম বিন হাসান আল মারজুকী মেলায় উপস্থিত ছিলেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮০টি দেশের মধ্যে ১২৭টির বেশি দেশ এবার মেলায় তাদের নিজ নিজ দেশের হয়ে অংশ নিচ্ছে।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহানউদ্দিন। মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নাম্বার ১৪ প্রধান ফটক দিয়ে ঢুকেই হাতের ডান পাশে।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মেলায় বাংলাদেশের পক্ষ থেকে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবেন। বাংলাদেশ প্যাভিলিয়নের পরিচালক হিসাবে রয়েছেন বাংলাদেশি ছাত্র প্রতিনিধি পিএইচডি গবেষক জাকারিয়া আব্দুল জলিল।

মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবিবাহিতদের জন্য এবং বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পারিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের ভোটে প্রতিদিন রাতে নির্বাচিত হবে দিনের সেরা প্যাভিলিয়ন।

২০১৫ সালে তৃতীয় ও ২০১৬ সালে মেলায় বাংলাদেশ যৌথভাবে দ্বিতীয় স্থান লাভের গৌরব অর্জন করেছিলো। এ বছর বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে রয়েছে নতুন গাড়ি ও নগদ অর্থ।

মেলা অন্যান্য বছর পাঁচ দিন হয়ে আসলেও এবার শিক্ষার্থী ও মেলায় আগত  দর্শনার্থীদের আবেদনের প্রেক্ষিতে মেলাটির সময় বাড়িয়ে দশ দিন করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!