যুক্তরাষ্ট্রে ‘জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার সংস্কার’ সভায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার সংস্কার’ সংক্রান্ত সভায় অংশ নিয়েছে বাংলাদেশ।
বুধবার শুরু হওয়া জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উচ্চ পর্যায়ের এ সভা শেষ হবে বৃহস্পতিবার।
এ সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান ইকোসকের আমন্ত্রিত অতিথি হিসেবে ‘এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের সমর্থনে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার তহবিল কাঠামো পুনর্বিন্যস্তকরণ: একটি সন্নিবেশিত রূপগঠনের লক্ষ্যে’ শীর্ষক একটি সেশনে প্যানেল বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।
মো.নজিবুর রহমান বলেন, “জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থা বা ইউএনডিএস-এর চলমান সংস্কার প্রক্রিয়া স্বল্পোন্নত দেশ, ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ-রাষ্ট্রসমূহ আমাদের সকলের জন্যই একটি বিশেষ সুযোগ। এটা আমাদের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে।”
এই সংস্থার অর্থায়ন বিষয়ে তিনি বলেন, “ইউএনডিএস-এর অর্থায়ন অবশ্যই কোনো দেশের জাতীয় উন্নয়ন ও উন্নয়ন কর্ম-কৌশলের সাথে একাত্ম হতে হবে, যাতে দেশটির উন্নয়ন ধারার নিজস্বতা প্রতিফলিত হয়। আর এসডিজি’র বাস্তবায়নই যেহেতু আমাদের লক্ষ্য, তাই ইউএনডিএস-এর উন্নয়ন-অর্থায়ন রূপকল্পে এসডিজির তিনটি মাত্রার প্রতিটি ক্ষেত্রকেই সুষম গুরুত্বে বিবেচনা করা উচিত।”
মুখ্য সচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইউএনডিএস এর দাতা দেশগুলোর নিঃশর্ত অর্থ সহায়তা অব্যাহতভাবে কমে যাওয়ায় এর দক্ষতা ও কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই, দাতাদেরকে জটিল নিয়মাবদ্ধ আর্থিক সহায়তাগুলো কমিয়ে আরও বেশি নমনীয় তহবিল, বিশেষ করে নিঃশর্ত অর্থ সহায়তা দিতে উৎসাহিত করা উচিত।”
ইউএনডিএস-এ নিঃশর্ত অর্থ সহায়তা উল্লেখযোগ্য হারে বাড়ানোর ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের সুপারিশের প্রতি মুখ্য সচিব সমর্থন ব্যক্ত করেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে আরও বেশি সহায়তা দিতে ইউএনডিএস-কে যুগোপযোগী করা ও এর চলমান সংস্কারকে এগিয়ে নিতেই এ উচ্চ পর্যায়ের সভার আয়োজন করা হয়েছে বলে জানায় ইকোসক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
