প্রবাসী কৃতি শিক্ষার্থীদের লন্ডন দূতাবাসের সম্মাননা
ব্রিটিশ-বাংলাদেশি কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা দিয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।
স্থানীয় সময় শনিবার সেন্ট্রাল লন্ডনের কেনসিংটন টাউন হলে এ অনুষ্ঠানে মোট ১০৩ জন শিক্ষার্থীকে এবছর ‘আউটস্ট্যাডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয় বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ শিক্ষার্থীরা যুক্তরাজ্য সরকারের শিক্ষা পাঠ্যসূচি-২০১৭ এর অধীনে জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষায় ন্যূনতম দশ বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম তিন বিষয়ে এ ও এ স্টার পেয়েছেন। এছাড়া শুধু বাংলা বিষয়ে ভালো করার জন্য এবছর ১৪ জন শিক্ষার্থী আলাদা সম্মাননা পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও জাতিসংঘবিষয়ক মন্ত্রী লর্ড আহমদ অব উইম্বলডন।
বিশেষ অতিথি ছিলেন- হাউজ অব লর্ডসের সিলেকশন কমিটির চেয়ারম্যান লর্ড হাওয়েল অব গিল্ডফোর্ড, হাউজ অব কমন্সের সদস্য পল স্কালি, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মিজ জিন ল্যামবাট এবং লেখক-কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
