যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের তারিখ সামনে রেখে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি শাখা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ সম্মেলন থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও বুধবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নেতা-কর্মীদের অবস্থান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
তিনি অভিযোগ করে বলেন, “অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা শেখ হাসিনা ও তার সরকারের আচরণে আমরা সবাই গভীরভাবে শঙ্কিত যে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বেগম জিয়ার বিরুদ্ধে রায় দেওয়া হবে। কিন্তু ফরমায়েসি সে রায় কখনোই প্রবাসীরা মেনে নেবে না। ১/১১ পরবর্তী সময়ের মতো আবারো লাগাতার আন্দোলন হবে সারাবিশ্বে।”
এ প্রসঙ্গে লতিফ সম্রাট বিডিনিউউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লন্ডনে বসবাসরত তারেক রহমানের নির্দেশ তথা বিএনপির হাই কমান্ডের নির্দেশেই আমরা সরকারের অপশাসন আর দমন-পীড়নের প্রতিবাদে প্রবাস থেকে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি।”
বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে বলেই আমরা এখনও আশা করছি। তবে বিশেষ কোন মতলবে যদি ফরমায়েসি রায় দেওয়া হয়, তাহলে কেউই সহ্য করবে না।”
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “শেখ হাসিনা আবারও একতরফা নির্বাচনের মহড়া শুরু করেছেন। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার মতলবেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, “সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়েও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্তর্জাতিক বন্ধুদের বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি অবহিত করতে আমাদের আরও জোরদার ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”
সংবাদ সম্মেলনে হাই কোর্টের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয় ও ধরপাকড় বন্ধের আহ্বান জানানো হয়।
নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা কাজী আজম, এম এ বাতিন, মাহফুজুল মাওলা নান্নু, নিয়াজ মোর্শেদ, পারভেজ সাজ্জাদ, আনোয়ারুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনিসহ জাসাস, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তারেক পরিষদ, জাতীয়তাবাদি ফোরামের নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
