২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 03:31 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

তার নাম কালাম আহমেদ (৭০), বাড়ি ফেনী জেলার দাগনভূইয়ার ভবানিপুর গ্রামে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কুয়েতের হাসাবিয়া এলাকার একটি গলিপথে মাটিতে পড়ে গিয়ে কালাম মারা যান বলে জানান তার আত্মীয় আব্দুল মতিন।

তিনি বলেন, “কালাম তার নিজ কোম্পানির ব্যারাক থেকে আরেকটি কোম্পানির ব্যারাকে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি হঠাৎ মাটিতে পড়ে যান।”

এ ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক বাংলাদেশি ফয়জুল হক কুটি বলেন, “পড়ে যাওয়ার পর আশপাশে থাকা পথচারীরা তাকে মাটি থেকে উঠানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে এবং কালামকে স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলেই হৃদরোগে কালামের মৃত্যু হয়েছে বলে জানান  চিকিৎসকরা।

কালামের আরেক আত্মীয় জানান, ঘটনার কথা শুনে তারা দ্রুত ছুটে গিয়েছিলেন। তখন দীর্ঘ সময় ধরে তার লাশ মাটিতেই পড়ে থাকতে দেখেছেন।

প্রবাসীরা জানান, কালাম দীর্ঘদিন ধরে কুয়েতের একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করছিলেন। তার লাশ বর্তমানে ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!