ক্যানসাসে ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি রেহান রেজা
যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্য ডেমোক্র্যাটিক পার্টির নির্বাহী কমিটির সেক্রেটারি হয়েছেন বাংলাদেশি-আমেরিকান রেহান রেজা।
স্থানীয় সময় বুধবার সংগঠনটির চেয়ারপার্সন জন গিবসন এ তথ্য জানান। ডেমোক্র্যাটিক পার্টির কোনো অঙ্গরাজ্য শাখার সেক্রেটারি পদে রেহান রেজাই হলেন প্রথম বাংলাদেশি।
নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে আসার পর ক্যানসাসের টপেকা সিটিতে বসবাসরত রেহান রেজা দীর্ঘ ২৫ বছর এই পার্টির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
নারায়ণগঞ্জের সন্তান রেহান রেজা এর আগে ‘ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ফোবানার স্কলারশিপ কমিটির চেয়ারম্যান হিসেবে উত্তর আমেরিকায় মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার দায়িত্ব পালন করছেন।
টেক্সাস ও ক্যানসাস অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে ২৫টি ব্যবসা (চার্চ চিকেন) প্রতিষ্ঠানের মালিক রেহান রেজা ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে আসার পর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছিলেন।
পার্টির সর্বস্তরের সদস্যদের সমাবেশ হবে আগামী ৩ মার্চ, সেখানেই নির্বাহী সেক্রেটারিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও জন গিবসন উল্লেখ করেন।
ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ডেপুটি চেয়ারপার্সন কীথ এলিসন বলেন, “রেহান রেজার অবস্থান ডেমোক্র্যাটিক পার্টিতে সংহত হবার মধ্য দিয়ে বাংলাদেশি-আমেরিকানদের গুরুত্ব বাড়লো। আশা করছি, প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশি-আমেরিকানরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সোচ্চার হবেন।”
রেহান রেজা বলেন, “প্রিয় জন্মভূমি বাংলাদেশের কল্যাণে আরও বেশি অবদান রাখতে আগ্রহীদের উচিত হবে মার্কিন রাজনীতির সাথে ঘনিষ্ঠতা বাড়ানো।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
