২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় ৩২তম ফোবানার প্রস্তুতি সমাবেশ

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) এর ৩২তম সম্মেলনের প্রস্তুতি সমাবেশ করেছেন প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 04:05 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

রোববার আটলান্টার গুইনেট কাউন্টির পুনা রেস্টুরেন্টে এ আয়োজন করে ফোবানার এবারের আয়োজক ‘বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’।

সম্মেলনের সদস্য সচিব নাহিদুল খান সাহেল ও সম্মেলনের পরিচালক গোলাম মহিউদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন।

তিনি জানান, আগামী ২৭ থেকে ২৯ জুলাই তিন দিনব্যাপী জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে ৩২তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।

জসিম উদ্দিন বলেন, “আমরা আরও তিনটা সম্মেলন এ শহরে করেছি, তার মধ্যে ২০০৬ ও ২০১৩ সালের সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলাম। কাজেই অতীতের সেইসব অভিজ্ঞতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই মিলে আরেকটি সেরা সম্মেলন উপহার দিতে চাই।”

সভায় প্রধান অতিথি ছিলেন ফোবানার কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান।

তিনি বলেন, “ফোবানা এখন আর তিনদিনের সম্মেলনে সীমাবদ্ধ নেই। আমরা বছরের প্রতিটি দিনই প্রবাসীদের উন্নয়ন নিয়ে চিন্তা করছি ও কাজ করে যাচ্ছি।”

জর্জিয়ায় প্রবাসী সংগঠন বাংলাধারা, সেবা লাইব্রেরি, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া, জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনসহ প্রবাসী সাংবাদিক, শিল্পী, লেখক, সংস্কৃতিকর্মী ও রাজনীতিবিদরা ফোবানার এ সম্মেলনে একসঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।

সভার বিশেষ অতিথি ফোবানার নির্বাহী সচিব শাহ্‌হালিম বলেন, “ফোবানার প্রতিটি সম্মেলনে বাঙালির শেকড় থেকে দূরে থাকা নতুন প্রজন্মকে সব কর্মসূচিতে অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদেরকে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও ভাষার প্রতি আগ্রহ তৈরির বিষয়টি নিশ্চিত করতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সম্মেলনের আয়োজক সংগঠনের সভাপতি ডিউক হাসান খান, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার সভাপতি মুহাম্মদ আলী মানিক, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ১৯৯৯ সালে আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামান ঝন্টু, ফোবানার দলীয় সঙ্গীতের লেখক ও সুরকার রোমেল হোসেন খান, ফোবানার বিপণন ও গ্রাফিক্স ডিজাইনার সোহেল আহমেদ ও সাংস্কৃতিক সংগঠক গাইডেন হকিন্স।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!