২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 07:13 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

নিহতের নাম আবুল কালাম আজাদ (৫৫)। তার বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামে। প্রবাসী কমিউনিটির কাছে তিনি ‘ফর্সা আজাদ’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় সময় রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের কাছে অরেঞ্জ কাউন্টির ওয়েস্টমিনিস্টার এলাকার মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় ট্যাক্সিচালক আজাদ তার যাত্রীবিহীন ট্যাক্সিটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে তা সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে পুরো গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজাদ মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

Image
দুর্ঘটনার পর আজাদের গাড়ি

দুর্ঘটনার পর আজাদের গাড়ি

আজাদ ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র আসেন বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলেসে তিনি তার স্ত্রী তামান্না রিমি, দুই ছেলে আজাদ অন্তু (২১) ও আবু আজাদ সন্তুকে (১৭) নিয়ে বসবাস করতেন।

দেশের বাড়িতে আজাদের দ্বিতীয় স্ত্রী ও দুই ছেলে রয়েছে বলেও পারিবারিক সূত্রে বলা হয়েছে।

আজাদের লাশ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে লস অ্যাঞ্জেলেস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লস্কর আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

প্রবাসী ট্যাক্সিচালকদের সংগঠন ‘ইউনাইটেড  ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্সি কোম্পানি’ এর পক্ষ থেকে পরিচালনা পর্ষদের সদস্য শামসুল আরেফিন হাসিব, ট্যাক্সির মালিক আব্দুল মান্নান, শাহ জালাল ও লস অ্যাঞ্জেলেস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লস্কর আল মামুনসহ কমিউনিটি নেতা-কর্মীরা আজাদের মৃত্যুতে শোক জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!