সিডনিতে ফ্যাশন শোতে জাতীয় সঙ্গীত, প্রবাসীদের প্রতিবাদ
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের আয়োজিত এক ফ্যাশন শোতে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ করেছেন প্রবাসীরা, আয়োজক সংগঠনটি অবশ্য ইতোমধ্যে ক্ষমা চেয়েছে।
শনিবার সিডনির ব্যাঙ্কসটাইউনে ‘দ্য কালার অব বাংলাদেশ’ শিরোনামে এক মেলায় এ ফ্যাশন শোর আয়োজন করে প্রবাসী সংগঠন ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’।
মেলায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানান, মেলায় বাংলাদেশি তরুণ-তরুণীদের নিয়ে ফ্যাশন শো চলার সময় আবহসঙ্গীত হিসেবে অন্যান্য গানের সঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।
জাতীয় সঙ্গীতের সঙ্গে মডেলদের ক্যাটওয়াক চলতে থাকলে অনেক দর্শকই অস্বস্তির মধ্যে পড়েন এবং এক পর্যায়ে প্রতিবাদ করেন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ এর সভাপতি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কখনো কল্পনাতেও ভাবিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে কেউ ফ্যাশন শো করতে পারে। বিদেশিদের কাছে দেশের মানকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলো। এ অপরাধ ক্ষমার যোগ্য নয়।”
এ ব্যাপারে আয়োজক সংগঠন ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ এর আহ্বায়ক ও অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আল নোমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
তবে তিনি তার ফেইসবুকে লিখেছেন, “অস্ট্রেলিয় সাউন্ড ইঞ্জিনিয়ারের ভুলে ফ্যাশন শোতে জাতীয় সঙ্গীত বেজে যায়, ভ্যাবাচেকা খেয়ে আমরা দৌড়ে বন্ধ করে দিই তা, সরি বলি সরাসরি। তারপর সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে মেলা শেষ করি।”
ভবিষ্যতে যে কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজাতে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এদিকে মেলায় অংশ নেওয়া এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, জাতীয় সঙ্গীত বেজে উঠলেও ক্যাটওয়াকের ছন্দপতন এবং মডেলদের থেমে যাওয়ার কথা ছিল, কারণ তারা বাংলাদেশি। কিন্তু বেশ স্বাভাবিকভাবে ক্যাটওয়াক চলতে থাকায় অনেকেই মনে করেন জাতীয় সঙ্গীতের তালে তালে এভাবেই শো চলছে।
এধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ‘জাতীয় সঙ্গীত বিধিমালা ১৯৭৮’ সবার কাছে তুলে ধরা দরকার বলে মন্তব্য করেন প্রবাসী বাংলাদেশিরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
