নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা আজিরউদ্দীন আহমেদের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
মৃত আজিরউদ্দীন আহমদ মাষ্টারের (৭৮) বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি ওই জেলার জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। কর্মজীবনে তিনি জুড়ী মিলুয়া বিদ্যালয়ের প্রধানশিক্ষক হিসেবে কাজ করেছেন।
আজিরউদ্দীন মাষ্টারের স্বজনরা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করায় তাকে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন লিনক্স হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। চিকিৎসকরা বলেছেন, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
মুক্তিযোদ্ধা আজিরউদ্দীন আহমদ মাষ্টারের মৃত্যুতে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের পক্ষে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল।
এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আরো বিবৃতি দিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ এবং সেক্রেটারি রেজাউল বারি।
আমেরিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে’র সভাপতি লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল হক আরেক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আজিরউদ্দিনের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
স্বজনরা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর নিউ ইয়র্কের ওজোনপার্ক মসজিদে জানাজার পর নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়াল গোরস্তানে আজির উদ্দীন আহমদকে দাফন করা হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
