২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নির্যাতন নিয়ে মেলবোর্নে আলোকচিত্র প্রদর্শনী

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে অস্ট্রেলিয়ায় আলোকচিত্র প্রদর্শনী করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 07:36 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

স্থানীয় সময় শনিবার মেলবোর্নের উইন্ডহ্যাম পার্ক কমিউনিটি সেন্টারে ‘ব্রুটালিটি অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামে এ আয়োজন করে ‘ফিল্মস ফর পিস ফাউন্ডেশন’।

আয়োজক সংগঠনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, রোহিঙ্গা নির্যাতনকে ‘গণহত্যার স্বীকৃতি’ দেওয়াসহ এর সঙ্গে জড়িতদের বিচার, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া, পুনর্বাসন, তাদের জন্য তহবিল সংগ্রহ এবং এ বিষয়ে বিশ্বব্যাপী প্রচার-প্রচারণার উদ্দেশ্যে এ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

আলোকচিত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রদর্শনীতে উখিয়া ও টেকনাফে থাকা রোহিঙ্গাদের ৪০টি আলোকচিত্র স্থান পেয়েছে।”

তিনি জানান, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আলোচকচিত্রীরা সম্প্রতি উখিয়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র ঘুরে তাদের নির্যাতনের কাহিনী শুনেছেন ও ছবি তুলেছেন।

আয়োজকদের মধ্যে অন্যান্যরা হলেন- ‘জবস ফর বাংলাদেশি অস্ট্রেলিয়ান’ এর জুবায়দুল জেকব, মেলবোর্নে বাংলাদেশিদের সংগঠন ‘ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন’ এর সদস্যরা ও আলোকচিত্রী ইমরান আবুল কাশেম।

আরও উপস্থিত ছিলেন- ওয়াইন্ডাম শহরের ডেপুটি মেয়র ওয়াল্টার ভিলাগনজালো, ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নুশরাত ইসলাম বর্ষা ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বাংলাদেশি ফ্রেন্ডস অব লেবারের সভাপতি মোস্তফা হাসান ইউসুফ রুশো, ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের অধ্যক্ষ মোস্তাফা কামাল, কবি ওয়াজিহ্ রাজীব ও ‘এসবিএস বাংলা’ মেলবোর্ন প্রতিনিধি শাহান আলম।

প্রদর্শনীর আলোচনা সভায় বক্তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয় সরকারকে এগিয়ে আসতে আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!