২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মাইগ্র্যান্ট কালচারাল শো’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 03:50 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

রোববার দেশটির মোস্তফা সেন্টারের দ্বিতীয় গেইটের কাছে মালাবার ডায়মন্ড ভবনের তৃতীয় তলার হলঘরে এটি অনুষ্ঠিত হবে বলে জানান এর প্রধান আয়োজক ফজলে এলাহী রুবেল।

তিনি বলেন, “প্রায় দেড় লাখ প্রবাসী বাঙালির মিলনমেলা এ সিঙ্গাপুর। আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের দেশিয় সংস্কৃতিকে বরাবরই বিশ্বের আঙিনায় তুলে ধরি। আশা করি এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীরা তাদের প্রতিভা সিঙ্গাপুরের জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারবেন।“

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন টিডাব্লিউটু এর সদস্য দেবী ফারদাইস। বিশেষ অতিথি থাকবেন ভ্রমণবিষয়ক লেখক শিভাজি দাস ও সিঙ্গাপুর হিউম্যানিস্ট সোসাইটির চেয়ারম্যান টান টাট সি। সূচনা বক্তব্য দেবেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা।

এতে বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা থাকছে বলে জানান ফজলে এলাহী।

এতে থাকবে সিঙ্গাপুর প্রবাসী কবিদের কবিতা আবৃত্তি, প্রবাসী লেখকদের আলোচিত বই প্রদর্শনী, সিঙ্গাপুর মাইগ্র্যান্ট ব্যান্ডের গান, প্রবাস জীবন নিয়ে স্মৃতিচারণ ও কর্মজীবনের আলোকে লেখা সচেতনতামূলক নাটিকা ‘দ্যা ইগল আই’। এছাড়া থাকছে বিভিন্ন দেশের নৃত্যদলের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা।

আয়োজক কমিটির সদস্য ফজলে এলাহী রুবেল, রিপন চৌধুরী, এ. কে. জিলানী, সৌর্যিক সারথি দাস, জাহাঙ্গীর খান ও এম ডি শরিফ অনুষ্ঠানে অংশ নিতে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!