২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে তুষারঝড় থেমেছে, রাস্তায় বরফ জমে ভোগান্তিতে প্রবাসীরা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রচণ্ড তুষার ঝড় থামলেও রাস্তায় বরফের পুরু স্তর জমায় ভোগান্তিতে পড়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 03:59 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

স্থানীয় সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে কথা বলার সময় জানান, কোন কোন অঙ্গরাজ্যে তুষার পরলেও সেখানে কাজে বের হতে হয়েছে প্রবাসী বাংলাদেশিদের।

নিউ ইয়র্কের জ্যামাইকায় বসবাসরত নৌ-প্রকৌশলী নাসিরউদ্দিন বলেন, “বৃহস্পতিবার টানা ঝড়ের কারণে স্কুল-বিশ্ববিদ্যালয় কার্যত বন্ধ ছিলো। শুক্রবার নিউ ইয়র্কের আকাশ পরিষ্কার থাকায় এবং রোদ ওঠায় বাচ্চারা স্কুলে গিয়েছে। তবে এখনো শূন্যের অনেক নিচে তাপমাত্রা থাকায় দুর্ভোগ হচ্ছে। রাস্তায় প্রচুর বরফ জমে আছে।”

লং আইল্যান্ড অঙ্গরাজ্য থেকে ফারহানা হাসান তিথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুযোর্গের মধ্যেও অফিস যেতে হচ্ছে। আমাদের জন্য প্রার্থনা করবেন। গাড়ি নিয়ে বের হওয়ার আগে আমার হাজবেন্ডকে ড্রাইভওয়ে থেকে প্রচুর পরিশ্রম করে বরফ পরিষ্কার করতে হয়েছে। নতুবা আজ বের হতেই পারতাম না।”

Image
তুষার ঝড়ের সময় লং আইল্যান্ড প্রবাসী ফারহানা হাসান তিথির তোলা সড়কের ছবি

তুষার ঝড়ের সময় লং আইল্যান্ড প্রবাসী ফারহানা হাসান তিথির তোলা সড়কের ছবি

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তুষার ঝড়ে উত্তর-পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, মিসৌরি, মিশিগান, নর্থ ডাকোটা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডিসি, পেনসিলভেনিয়া, ডেলাওয়ারে, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, নিউ হ্যামশায়ার, ভারমন্ট ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রায় দেড় কোটি আমেরিকান গৃহবন্দি হয়ে পড়েন।

এরমধ্যে প্রায় ৩লাখ বাংলাদেশিও রয়েছেন। দুর্যোগে নিহত হয়েছেন ১৬ আমেরিকান।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরল হাসান, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান ও লং আইল্যান্ডের লিন্সব্রুক সিটির ব্যবসায়ী আকতার হোসেন বাদল আলাদাভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তির কথা জানিয়েছেন। 

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে ১২ ইঞ্চি থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত ছাড়াও বস্টন ও লং আইল্যান্ডে উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়েছে। বস্টনের রাস্তা ডুবে যায় গলে যাওয়া বরফের পানিতে।

দুর্যোগের কারণে নিউ ইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া, বাল্টিমোর, প্রভিডেন্স, রোড আইল্যান্ডসহ ১১টি সিটির সব স্কুলে ছুটি ঘোষণা করা হয় বৃহস্পতিবার। সরকারি অফিসে উপস্থিতির ওপর কোন বাধ্যকতা ছিল না।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেটস ও কানেকটিকাট ইত্যাদি অঙ্গরাজ্যের বিস্তির্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছিলেন রাজ্য গভর্নররা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বুলেটিনে উল্লেখ করা হয়েছে, আগামী রোববার পর্যন্ত উপরোক্ত এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!