আরব আমিরাতের বাংলাদেশি স্কুলে পিইসি ও জেএসসির ফল
সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে থাকা দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফল প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার ফলাফল প্রকাশ করা প্রতিষ্ঠান দুটি হলো আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহর রাসাল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।
শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক এস এম আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার জেএসসিতে ৮৬ শতাংশ পাশ করেছে। ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাশ করেছে। ৬ জন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বাকিরা পেয়েছে এ।”
তিনি আরও জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ পেয়েছে ২৯ জন, এ-মাইনাস পেয়েছে বাকি ২০ জন।
অন্যদিকে রাসাল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিপিএ-৫ পেয়েছে ৫ জন, এ পেয়েছে ১৫ জন, এ মাইনাস পেয়েছে ১৩ জন ও বাকি ৬ জন বি পেয়েছে।”
তিনি আরও জানান, তার প্রতিষ্ঠানে জেএসসিতে ৮৪ শতাংশ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ পেয়েছে ৭ জন, এ-মাইনাস পেয়েছে ১৫ জন, বি পেয়েছে ৫ জন ও সি পেয়েছে ৩ জন। বাকি ৬ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে।
এ সম্পর্কে হাবিবুর রহমান বলেন, “আমরা স্থগিত ফলাফলের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছি এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বোর্ড তার নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছে। তাতে পাশের হার আরও বাড়তে পারে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
