জাতিসংঘে বাংলাদেশ মিশনে মতবিনিময়
বিগত বছরের কর্মকাণ্ডের আলোকে যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ মতবিনিময় করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
শুভেচ্ছা-বিনিময় পর্বটি সঞ্চালনা করেন মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।
রাষ্ট্রদূত মাসুদ প্রবাসের গণমাধ্যমগুলোর সহযোগিতার কথা স্মরণ করে নতুন বছরেও বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উর্ধ্বে তুলে ধরতে সকলের সহায়তা প্রত্যাশা করেন।
এ সময় মিশনের কার্যক্রমের আলোকে বক্তব্য দেন উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো.আরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।
রাষ্ট্রদূত মাসুদ বিশেষভাবে উল্লেখ করে বলেন, “২৫ অগাস্টের পর বিভিন্ন ফরম্যাটে নিরাপত্তা পরিষদে সাতটি সভা হয়েছে, বড় দুটি পরাশক্তির বিরুদ্ধ মতের পরেও যা অভূতপূর্ব। নিরাপত্তা পরিষদ হতে এ পর্যন্ত রেজ্যুলেশন হয়নি ঠিক, তবে প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত হয়েছে। এগুলো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
রাষ্ট্রদূত মাসুদ বলেন, “সামাজিক ক্ষেত্রে বিশেষ করে অটিজম, যুব উন্নয়ন, ড্রাগ ব্যবহার প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, ডিজেবিলিটি, সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আমাদের অর্জন জাতিসংঘে নানাভাবে স্বীকৃত হয়েছে। জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা বিনির্মাণে আমাদের অবদান সর্বজনবিদিত।”
বাংলাদেশে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যা আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বছরব্যাপী নানাবিধ কাজ করেছে বাংলাদেশ মিশন-এ তথ্য জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “প্রধানমন্ত্রী তার সাধারণ পরিষদের ভাষণে এই প্রথমবারের মতো আমাদের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করেছেন, যা আন্তর্জাতিক মহলে বেশ প্রভাব ফেলেছে।”
জাতিসংঘে বাংলাদেশ মিশনের ২০১৭ সালের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অর্জনের বিষয়ে মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো.আরিফুল ইসলাম বলেন, “আমরা বছরব্যাপি চেষ্টা করেছি জাতিসংঘে আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, অবদান বা অর্জনকে মিডিয়ার মাধ্যমে সর্বসাধারণের নিকট পৌঁছাতে। আমরা এ বিষয়ে আপনাদের সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং আরও বেশি সহযোগিতা পাবার আশা রাখছি।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
