২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই দূতাবাসে 'সার্ভার সমস্যা', প্রবাসীদের দুর্ভোগ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে 'সার্ভার খারাপ' হওয়ায় দুর্ভোগে পড়েছেন পাসপোর্ট সেবাপ্রত্যাশী প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 08:42 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এ সমস্যা চলছে বলে জানান কনস্যুলেটের প্রথম শ্রম সচিব এ কে এম মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার থেকে সার্ভার খারাপ রয়েছে। তাই আমরা ইমারজেন্সি পাসপোর্ট সেবা গ্রহণকারীদের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে পাঠাচ্ছি।”

প্রবাসীরা জানান, দুবাই দূতাবাসে দুবাই, শারজাহ, আজমান, ফুজেইরাহ, রাসাল খাইমাহ, উম্মুল কুয়েইন অঞ্চলের প্রবাসীরা সেবা পেয়ে থাকেন। তাই সার্ভার সমস্যায় তারা দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর পাঁচটায় আবুধাবি কনস্যুলেট অফিস প্রাঙ্গণে এসেছিলেন প্রবাসী বাংলাদেশি ভোলার চরফ্যাশনের আবদুল জাব্বার। কথা বলে জানা যায় তিনি কাজ করেন দুবাইর এমিরেটস মলে।

জব্বার জানান, গত ২৬ ডিসেম্বর তার ভিসার মেয়াদ শেষ হয়েছে। ৭ ডিসেম্বর ভিসা পাওয়ার জন্য তিনি মেডিকেল শেষ করে করে তা জমা দিয়ে জানতে পারেন যে তার পাসপোর্টের মেয়াদে ভিসা হবে না। তাই তাকে পাসপোর্ট নবায়নের জন্য আবুধাবি আসতে হয়েছে।

শারজাহর সাহাবায় স্থানীয় এক আরবের বাড়িয়ে ৯ বছর ধরে ড্রাইভিং এর কাজ করেন মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা সোলেমান আলী।

তিনি বললেন, “দুবাই দূতাবাস বালা খরিয়া মাতে না, খিতা খরতাম আমাদের খফাল খারাফ।  বিদেশঅ দাম নাই, নিজের দেশর দূতাবাসঅ দাম দে না।”

সোলেমানের পাসপোর্টের মেয়াদ ২৩ ডিসেম্বর শেষ হয়েছে বলে জানান। তাকে পাসপোর্ট নবায়নের জন্য আবুধাবি আসতে তিনশ’ দিরহাম খরচ করতে হওয়ায় উষ্মা দেখালেন তিনি।

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার চৌধুরীহাটের প্রবাসী মোহাম্মদ আইয়ুব শারজাহর আল খানে থাকেন ১০ বছর ধরে।

তিনি জানান, তার পাসপোর্ট ছিলো দোকানের পাকিস্তানি পার্টনারের কাছে। তাই জানতেন না তা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এখন এসেছেন আবুধাবি।

মৌলভিবাজারের আবদুল মুকিত শারজাহ ক্যাটারপিলারে কাজ করে মাসে আয় করেন আটশ’ দিরহাম। তার সঙ্গে কথা বলে জানা যায়, চার বছর পর গত ২৮ ডিসেম্বর তার বাংলাদেশে যাওয়ার কথা। কিন্তু পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুকিত বলেন, “আমাদের মতো মেহনতি মানুষকে তিনশ দিরহাম খরচ করে আবুধাবি আসতে হলে সংকটে পড়তে হয়।”

এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম শ্রম সচিব এ কে এম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্ভার ব্যাক আপ পাওয়ার পাচ্ছে না, তাই তা ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট ও বহির্গমন দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে যদি তা সারানো না যায় তাহলে সিঙ্গাপুর থেকে পার্টস এনে তা ঠিক করতে হবে। তাতে ১৫-১৬ দিন লাগতে পারে অথবা একটু কমবেশি সময় লাগতে পারে।”

তবে কনস্যুলেট থেকে পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের একমাস পর আসতে বলা হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের প্রথম পাসপোর্ট সচিব মোহাম্মদ রিয়াজুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসা লাগাতে হবে, আবুধাবির বাইরের প্রবাসীদের এমন জরুরি সেবাগুলো দূতাবাস দিচ্ছে। আজ মঙ্গলবার আমাদের নিয়মিত সেবার পাশাপাশি এ ধরণের অর্ধ শতাধিক প্রবাসীকে এ সেবা আমরা দিয়েছি।”

সাধারণত আবুধাবি দূতাবাস প্রতিদিন তিন থেকে চারশ প্রবাসীকে ও দুবাই কনস্যুলেট সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ প্রবাসীকে পাসপোর্ট সেবা দিয়ে থাকে বলে জানান তিনি।

সার্ভার কাজ না করায় আবুধাবি দূতাবাসের উপর পাসপোর্টের কাজের চাপ বাড়বে কিনা এ প্রশ্নের উত্তরে রিয়াজুল হক বলেন, “তাতো বাড়বেই। কিন্তু তারা তো আমাদের দেশের নাগরিক, সেবা আমাদের দিতেই হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!