২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে ভ্যাটের চাপে আমিরাত প্রবাসীরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়তে থাকায় সৌদি আরবের মত সংযুক্ত আরব আমিরাতও অর্থনৈতিক সংস্কারে নতুন বছরে নানাখাতে নতুন করে মূল্য সংযোজন করারোপ (ভ্যাট) করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবির বাপপি, আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 08:33 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

প্রবাসী ও নিজ নাগরিকদের কাছে ‘করমুক্ত স্বর্গ’ হিসেবে পরিচিত আমিরাত সরকারের নির্দেশে বিভিন্ন খাতে ভ্যাট যুক্ত হওয়ায় সেখানকার স্বল্প ও সীমিত আয়ের প্রবাসী বাংলাদেশিরা সঙ্কটে পড়বেন বলে আশঙ্কা করছেন অনেকেই।

বিশ্বের প্রায় সব দেশের নাগরিকই আরব আমিরাতে কর্মসূত্রে বসবাস করেন। তাদের অনেকের জীবনযাত্রার মানই বাড়তি ভ্যাটের কারণে কিছুটা ‘বিঘ্নিত’ হবে। 

আমিরাতে অর্থমন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের শুরু থেকে অফিস অ্যাপার্টমেন্ট ভাড়া, পানি ও বিদ্যুৎ বিল, সব ধরনের ফোন বিল, জ্বালানি তেল, দেশে পাঠানো রেমিটেন্স চার্জ, গাড়ি পার্কিং, অনলাইন শপিং, জুয়েলারি পণ্য, সিনেমা থেকে শুরু করে সমস্ত বিনোদনের প্রায় সবখাতে ৫ শতাংশ হারে ভ্যাট গুনতে হবে। 

এছাড়াও ভ্যাট বসছে- চা-কফি, ভ্রমণ প্যাকেজ, পাঠ্যপুস্তক, কাপড় চোপড়, জুতো, ব্যাগ, চশমা, ইলেকট্রনিক্স সামগ্রী, গাড়ি, খাবারদাবার বেচাকেনা, জিম ব্যবহারেও।

আবুধাবিতে বাংলাদেশ দূতালয়ের প্রথম সচিব (শ্রম) মোকসেদ আলী  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্যাটের প্রভাব আমাদের ৮ লাখ প্রবাসীর মধ্যে বিশেষ করে যারা শ্রমজীবী জনগোষ্ঠী তাদের উপর প্রত্যক্ষভাবে পড়বে।

“এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়।  তাতে ভ্যাটের কারণে একজন প্রান্তিক শ্রমিকের যে পারিশ্রমিক বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ তা বলাই বাহুল্য। তাই যার বেতন ৮ শ দিরহাম তার আয়ে এই ৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রভাব নেহাত কম না।"

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভ্যাট নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এর একটা প্রভাব তো সবখানেই পড়বে। ইউএই-তে আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। সাধারণ মানুষের ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বাড়বে আরো কিন্তু সেভাবে আয় তো বাড়ছে না।"

আবুধাবিতে কর্মরত তড়িৎ প্রকৌশলী ও সংবাদ কর্মী নিমাই সরকার বলেন, “সরকার ভ্যাট নিচ্ছেন, অন্য অনেক দেশের চেয়ে কম হারে নেয়া হচ্ছে তা এবং এই খাতে লব্ধ অর্থ দেশের কল্যাণে ব্যবহার করা হবে, যার সুবিধা প্রবাসীরাও পাবে।"

স্বামী ও দুই সন্তান নিয়ে আছেন আমিরাতে এক যুগেরও বেশি সময় ধরে আছেন তাহমিনা আক্তার রিক্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদেশে এখন জীবন যাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে কমবেশি সবাইকেই  হিমশিম খেতে হচ্ছে। বাচ্চাদের স্কুলের টিউশান ফি একেক লাফে কেবল বাড়ছেই। ঘরভাড়া, গাড়ির পার্কিং ফি থেকে শুরু করে গ্রোসারি সবকিছুর মূল্য এমনিতেই বাড়তি তার উপর ভ্যাট...। সামনের দিনগুলোতে বলতেই হচ্ছে আরো চ্যালেঞ্জ আসছে।"

আমিরাতে প্রায় দশলাখ বাংলাদেশি বসবাস করতেন। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ভিসা দেওয়া বন্ধ থাকার পরও সেখানে আট লাখ প্রবাসী বসবাস করছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!