২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানের পর পরিবরারের কর্তারও মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 10:55 AM

Updated : 19 Aug 2022, 06:17 PM

বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনার পর ইতালি প্রবাসী কামরুল ইসলাম নিলয় গুরুতর আহত অবস্থায় থাকার পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মারা যান।

এর আগে দুর্ঘটনার দিনই ঘটনাস্থলে নিহত হন নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।

তারা ওমরা করতে ইতালি থেকে গত শনিবার সৌদি আরব এসেছিলেন বলে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম জানিয়েছেন। নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেফপাড়ায়। নিহতদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানান তিনি।

মক্কা প্রবাসী নয়ন শেখ জানান, বৃহস্পতিবার ওমরা পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন নিলয়। পাহাড়ি পথে তাদের প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন।

কামরুল ইসলামের চাচাতো ভাই সরকার আমিন জানান, দুর্ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তার অবস্থা আশঙ্কাজনক হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!