সিডনিতে বাংলা মেলা উদযাপিত
‘এসো বিজয় উল্লাসে মাতি’ স্লোগানে অস্ট্রেলিয়ায় ‘মিউচুয়াল হোম বাংলা মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সিডনির ওয়াইলি পার্কে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা বাংলাদেশী’ এ মেলার আয়োজন করে।
এবারের মেলার পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়ার নির্মাতা প্রতিষ্ঠান মিউচুয়াল হোমসের নামানুসারে মেলার নাম রাখা হয় ‘মিউচুয়াল হোমস বাংলা মেলা’।
বিকালে হাবিবুর রহমান, মাহনাজ শাম্মী, ফারহানা আলম, শিশু সামাহ ও আদীরের উপস্থাপনায় শিশু তাসনিম ও নাইশা কোরান পড়ে। এরপর শিশুদের বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বাংলাদেশের বিজয়, সংগঠন ও মেলা পরিচিতি, স্পন্সর পরিচিতির ভিডিও প্রদর্শিত হয়।
এরপর একে একে গান, দেশের গান ও লোকগীতি পরিবেশন করে রোমেন রসি ও রুহুল আমিন। কিশলয় কচিকাঁচা, সৃষ্টি, ঐকতান ও নৃত্যকলা ড্যান্স একাডেমি সমবেতভাবে শিশু ও বড়দের গান, সমবেত সঙ্গীত ও নাচ পরিবেশন করে।
শিবলী আবদুল্লাহর উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট ও বিজয় নিয়ে আলোচনা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননায় অংশ নেন ন্যাথান মোরান সিইও (সিডনি মেট্রোপলিটন লোকাল আবরজিনাল ল্যান্ড কাউন্সিল), মার্ক ক্যুরি এমপি, জিহাদ ডিব এমপি, কাউন্সিলর মাসুদ চৌধুরি, কাউন্সিলর সাহে জামান টিটু, কাউন্সিলর সুমন সাহা, কাউন্সিলর বিলাল এলহাইক, মিউচুয়াল হোমসের কর্ণধার ও পরিচালক এনাম হক । মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন মাসুদ খলিল।
সন্ধ্যায় শিশুদের জন্য আয়োজন করা হয় ‘এসো বিজয়ের গল্প শুনি’। এ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধা সিরাজুল করিম, জাফর উদ্দিন আহমেদ চৌধুরি ও সিডনি প্রবাসী মুক্তিযাদ্ধা মিজানুর রহমান তরুণ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘এসো বিজয় রঙে আঁকি’তে এ বছর ১৫০জন ছেলেমেয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুটি সার্টিফিকেট ও একটি পুরস্কার দেওয়া হয়। তিনটি ক্যাটাগরিতে নয়জন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সহায়তা করেছে ‘বাংলা আর্ট এক্সিবিশন’।
মেলা প্রাঙ্গনে ছিল বাঙালি খাবার ও দেশিয় পোশাকের স্টল। পাশাপাশি ছিলো বিভিন্ন রকমের রাইড।
মেলায় মিউচুয়াল হোমসের সৌজন্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার ছিলো স্যামসাং গালাক্সি ৮+ মোবাইল ফোন, দ্বিতীয় পুরস্কার আইপ্যাড ওয়াই ফাই ৩২গিগ ও তৃতীয় পুরস্কার ছিলো স্যামসাং গালাক্সি ট্যাব১৬ গিগ।
সমাপনি বক্তব্যে মিউচুয়াল হোমসের পরিচালক এনাম হক ও সংগঠনের পক্ষে শিবলী আবদুল্লাহ জানান, তারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশের গৌরবময় ভাষা ও মুক্তিযুদ্ধের বীরগাঁথা ও সঠিক ইতিহাস তুলে ধরতে এ চেষ্টা চালিয়ে যাবেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
