নিউ ইয়র্কে বাপাফের নতুন কমিটি
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশি-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট (বাপাফ)’-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
১৩ সদস্যবিশিষ্ট নতুন এ কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন অধ্যাপক দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আমজাদ হোসেন সেলিম।
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় স্টার পার্টি হলে বাপাফ-এর বার্ষিক সাধারণ সভা এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রুবাইয়া রহমান।
আলোচনায় অংশ নেন মোহাম্মদ বিল্লাহ, আতিকুর রহমান সালু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন ও আলী ইমাম শিকদার, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি নেতা আহসান হাবীব এবং এটর্নী সোমা সাঈদ।
নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক দেলোয়ার বলেন, “নিউ ইয়র্কে তিন লাখের বেশি বাংলাদেশি বাস করছি। অথচ এখন পর্যন্ত কংগ্রেসম্যান দূরের কথা, সিটি কাউন্সিলের মেম্বার হিসেবে কেউই জয়ী হতে পারিনি। অথচ সময়ের প্রয়োজনে মূলধারার সুযোগ-সুবিধা আদায়ের স্বার্থেই বাংলাদেশিদের সিটি, অঙ্গরাজ্য এবং ফেডারেল প্রশাসনে জায়গা করে নিতে হবে। সে অভাব পূরণেই আমরা কাজ করবো। এ লক্ষ্য অর্জনে আমরা সবকিছুর উর্ধ্বে অবস্থান করতে সকলকে অনুরোধ জানাবো।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
