ওয়াশিংটন ডিসিতে বিএনপির বিজয় দিবস
মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপি।
স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের কাবাব কিং ফলচার্চ ভার্জিনিয়ায় এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সহ-সভাপতি শাহাদাত সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এজেএম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা আফিফা আশরাফি পাপিয়া এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান মো.সালাউদ্দীন।
প্রধান অতিথি বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারন অর রশীদ বলেন, “দেশ এখন চলছে প্রবাসীদের রেমিটেন্সের উপর। ক্ষমতাসীন সরকার প্রবাসীদের প্রেরিত অর্থের সদ্ব্যবহার না করে লুটপাট করছে।”
হারন অর রশীদ আরও বলেন, “শেখ হাসিনার অধীনে কখনও কোনো স্থানীয় নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে হয়নি, সেখানে জাতীয় নির্বাচন তো সুদূর পরাহত। জনগণকে হাসিনার অনেক ভয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় পান তিনি।” আগামীতে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে বলে তিনি আশা পোষণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে দেওয়ান সালাউদ্দীন বলেন, “প্রবাসীরা রেমিটেন্স প্রদান করে দেশের উন্নয়নের চাকা সচল রাখছে আর হাসিনা তার ক্রেডিট নিতে চাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন হওয়ার কথা খরগোশ গতিতে, অথচ হচ্ছে কচ্ছপ গতিতে। দেশের গণতন্ত্র যেমন এ সরকারের হাতে নিহত হয়েছে, তেমনি দেশের সকল সম্পদও লুণ্ঠন হয়েছে।”
সংগঠনের সাধারণ সম্পাদক এজেএম হোসাইন বলেন, “দেশে এখন একটি লুটেরা সরকার বিরাজিত। সামনের নির্বাচনে এদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।”
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সামছুদ্দীন মাহমুদ ও সহ-সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অশ্রু, ফিরোজ আলম, জাকির আহমেদ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ শাহরিয়ার রহমান ও ফারুক আহমেদ, ট্রেজারার মুনির হোসাইন, সহ-সাংগঠনিক মোকলেসুর রহমান লিটন ও আবদুস সবুর জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, যুব সম্পাদক মো.আল আমীন, প্রচার সম্পাদক মো.রাসেল আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান দেওয়ান বিপ্লব এবং টিএম শহীদুল্লাহ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
