২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় দুর্ঘটনায় প্রবাসী মা-দুই ছেলের মৃত্যু

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী একটি বাংলাদেশি পরিবারের মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 01:13 AM

Updated : 12 Apr 2022, 01:00 AM

বৃহস্পতিবারের এই ঘটনায় ওই পরিবরারের কর্তা কামরুল ইসলাম ওরফে নিলয়ও গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।

তারা ওমরা করতে ইতালি থেকে গত শনিবার সৌদি আরব এসেছিলেন বলে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম জানিয়েছেন।

মক্কা প্রবাসী নয়ন শেখ জানান, ওমরা পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন নিলয়। পাহাড়ি পথে তাদের প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন।

তারা দুজন কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন। নিলয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান আরেক মক্কা প্রবাসী আলাউদ্দিন।

তিনি বলেন, নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়। তিনিও ওই এলাকার বাসিন্দা।

নিহতদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানান আলাউদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!