নিউ ইয়র্কে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপির সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা’ জাসাসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের প্রিন্স পার্টি হলে জাসাস নেতা কাউসার আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আবু তাহের।
তিনি বলেন, “প্রবাস প্রজন্মে বাংলাদেশি সংস্কৃতি বিকাশে আমরা কাজ করবো সর্বস্তরের প্রবাসীকে সঙ্গে নিয়ে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহির্বিশ্ব বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
তিনি বলেন, “এখন সময় হচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন বেগবান করতে প্রবাসেও জাসাসের কর্মকাণ্ডে গতি আনার।”
প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “জাসাসের ঐতিহাসিক ভূমিকা রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে। সে ধারা অটুট রেখে প্রবাসেও কাজ করছে তারা।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, কুয়েত যুবদলের সভাপতি মাহফুজুর রহমান, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, সাংগঠনিক সম্পাদক খলকু কামাল, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু।
যুবনেতা এম এ বাতিন বলেন, “নব্য স্বৈরাচারের কবলে পড়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজ ক্ষত-বিক্ষত। একে রক্ষায় সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
