২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর নিখোঁজ ওমান প্রবাসী, সন্ধান চায় পরিবার

প্রায় চার বছর ধরে নিখোঁজ রয়েছেন ওমান প্রবাসী এক বাংলাদেশি, সন্ধান চেয়ে প্রবাসী কমিউনিটির কাছে আহ্বান জানিয়েছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 04:37 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

নিখোঁজ প্রবাসীর নাম মোহাম্মদ তাজুল ইসলাম (৪৫)। গ্রামের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি থানার কাঞ্চননগর গ্রামের রহম আলী চৌধুরী বাড়ি, পিতা মোহাম্মদ ইউনুছ হাজী।

২০১৩ সালের নভেম্বরে ওমানের আশ শারকিয়া অঞ্চলের দ্বিতীয় বড় নগর ইবরা থেকে তাজুল ইসলাম নিখোঁজ হন বলে জানান তার প্রবাসী ছেলে মোহাম্মদ আরাফাত (২৪)।

Image
মোহাম্মদ তাজুল ইসলামের পাসপোর্ট

মোহাম্মদ তাজুল ইসলামের পাসপোর্ট

ওমানের রাজধানী মাস্কাটের মাবেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরাফাত বলেন, “বাবা থাকতেন মাস্কাটের আল হিলিতে। নিখোঁজ হওয়ার আট মাস আগে তিনি আমাকে বাংলাদেশ থেকে ওমান নিয়ে আসেন।

“ঘটনার আগের দিন শুক্রবার তিনি আমাকে ডেকে নিয়ে তার জিনিসপত্র ও পাসপোর্ট বুঝিয়ে দিয়ে জানান যে শনিবার দেড়শ কিলোমিটার দূর ইবরায় কাজের সাইটে যাচ্ছেন। যদি পুলিশের হাতে ধরা পড়েন তাহলে যেন তার দেশে ফেরার বিমানের টিকেট জেলখানায় তাকে পৌঁছে দেই সে কথাও বলেছেন।”

এর পরদিন বিকেলে ইবরায় রওয়ানা হবার পর থেকে তাজুল নিখোঁজ রয়েছেন জানিয়ে আরাফাত বলেন, “স্থানীয় পুলিশ স্টেশন, জেল, লেবার কোর্ট, হাসপাতাল সবখানেই খোঁজ করেছি। কোথাও পাইনি। সংসারে মা ও তিন বোন এখনও আশায় আছে একদিন তিনি ফিরে আসবেন।”

‘স্থানীয় বাংলাদেশ দূতাবাসে খোঁজ করেছেন কিনা?’ এ প্রশ্নের জবাবে আরাফাত অভিযোগ করে বলেন, “চার-পাঁচবার স্থানীয় বাংলাদেশ দূতাবাসে গেছি, কিন্তু তারা বিষয়টা আমলেই নেননি।”

Image
তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আরাফাত (২৪)

তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আরাফাত (২৪)

Image
ওমানের ইবরা অঞ্চল

ওমানের ইবরা অঞ্চল

আরাফাত কান্নাজড়ানো কণ্ঠে বলেন, “ছাইর বছর যাই ফাছ বছরত ফইজ্জি, আঁর বাজি খন্ডে আছে ন আছে, বাছি আছে না মরি গেইয়ি কিচ্ছু ন জানি!”

নিখোঁজ মোহাম্মদ তাজুল ইসলামের কোন সন্ধান পেলে জাহাঙ্গীর কবীর বাপপি, মোবাইল: ০০৯৭১-৫৫-৭৬৮৮-৩০২ এ ঠিকানায় জানানোর অনুরোধ করেছেন আরাফাত।

এর আগে ওমান থেকে অবৈধ পথে সংযুক্ত আরব আমিরাতে এসে পুলিশের হাতে নিজেকে সোপর্দ করে দেশে যেতে চেয়ে আল আইন হাসপাতালে হৃদরোগে মারা যান আরেক প্রবাসী মোহাম্মদ সৈয়দ (৫৪) ।

হাসপাতালের হিমঘরে প্রায় ৩ মাস অজ্ঞাত পরিচয় হিসেবে পড়ে থাকার পর বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রচারিত হলে চলতি মাসে তার লাশ সরকারি খরচে দেশের বাড়ি চট্টগ্রামে পাঠানো হয়।

প্রবাসীরা জানান, ওমান বাংলাদেশের অন্যতম জনশক্তির বাজার। এখানে নির্মাণ, সেবা, ক্ষুদ্র ব্যবসা, গৃহকর্মীসহ বিভিন্ন খাতে প্রায় ৭ লাখ বাংলাদেশি কাজ করেন। বৈধভাবে এসেও বিভিন্ন কারণে অনেক প্রবাসী এখানে অবৈধ হয়ে পড়ছেন, ধড়পাকড়ের শিকার হচ্ছেন। আবার কেউ ঝুঁকি নিয়ে অবৈধভাবেই এখানে থেকে যাচ্ছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!