বড়দিনে সিডনি প্রবাসীদের দেশবন্দনা
দেশমাতৃকার বন্দনা দিয়ে বড়দিন উদযাপন করেছেন অস্ট্রেলিয়ায় সিডনি প্রবাসী খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
সোমবার সিডনিতে দিনটি উপলক্ষে এ উৎসবের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ খ্রিস্টিয়ান ফেলোশিপ অব অস্ট্রেলিয়া’।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক এলেক্স গাইন বলেন, “দীর্ঘ দুই যুগের ধারাবাহিকতায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দেশমাতৃকার বন্দনা দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে। এ উৎসবে ধর্ম, বর্ণ, গোত্র, বাঙালি-অবাঙালি নারী-পুরুষরা সমবেত হন বিশ্বমানবতার জয়গান নিয়ে।”
এরপর ফেলোশিপের সদস্যরা সমবেত কণ্ঠে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন।
আয়োজক সংগঠনের সাবেক সভাপতি এডওয়ার্ড অশোক অধিকারীর শুভেচ্ছা বক্তব্যের পর বাইবেল থেকে প্রার্থনা করেন পল সি মধু, অতিথিদের আমন্ত্রণ জানান ডেইজি মিঠু বিশ্বাস।
এরপর সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক টিমোথি বি মালাকারের গ্রন্থনায় জুলিয়েট পপি ও ডেবোরার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এতে সান্তা ক্লস শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ও চকলেট বিতরণ করেন।
শেষে লরেন্স ব্যারেলের হাস্যরসমিশ্রিত উপস্থাপনায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে পিঠা, পুলি, দই ও মিষ্টান্ন বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
