বিদেশি পুলিশের খপ্পড়ে!
সপ্তাহের প্রথমদিন, ছুটি কাটিয়ে সকালে মনে গুন গুন করে গান গাইতে গাইতে খোশ মেজাজে কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম।
সবেমাত্র প্যান্ট পরেছি, শার্ট পরার আগে গেঞ্জি হাতে নেব। এমন সময় ঘরে হুম হুম করে এক আগন্তুক এসে হাজির। ট্র্যাকস্যুট পরে কেড্স না খুলেই আহাম্মকের মতো ঘরে প্রবেশ দেখে আমার কানটা গরম হয়ে গেল।
কিছু বলতে যাবো ঠিক সেই মুহূর্তে চোখের পলকেই আমার সামনে এসে হাজির সেই আগন্তুক। হিন্দিতে বললো, “হাম সি.আই.ডি. হ্যায়, তুমহারা আইডি দো।” আমি তো থ মেরে তাকিয়ে থাকলাম। কিছুটা রাগের সুরে বাহাদুরি ভঙ্গিতে ইংরেজিতে বললাম, “কীভাবে জানব যে আপনি সি.আই.ডি.? আপনার আইডি কার্ড দেখান।”
আমার উল্টো প্রশ্নের জন্যে যে প্রস্তুত ছিল না আগন্তুক, সেটা তার কপালের ভাঁজ দেখে বুঝতে কষ্ট হলো না। সে একটু বিব্রত হলো বৈকি। তার বিব্রতভাব দেখে আমিও একটু ঘাবড়ে গেলাম। আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম।
ভাবছিলাম, এই ব্যাটা আমার উপর রাগ করে আমাকে উল্টো ফাঁসিয়ে দেবে নাতো! পরক্ষণেই দেখি, পেছন ফিরে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার কাছে অপেক্ষারত অন্যজনকে নাম ধরে আরবিতে ডেকে কি যেন বললো। তড়িৎ গতিতে সেও হাজির।
এরই মধ্যে আমার শিরা-উপশিরা দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। আমি নির্বোধের মতো তাকিয়ে আছি। না, সহকর্মীটি ভদ্রভাবে ওয়ালেট থেকে আইডি বের করে দেখিয়ে বললো, “হাম পুলিশ হ্যায়। তুম কিধারকা? তুম বাঙালি?”
আমি হ্যা-সূচক মাথা নাড়লাম। সাথে সাথে আমার দিকে ক্ষিপ্র প্রশ্ন- “আইডি দো।” আমি বরাবরই বৈষয়িক বিষয়ে অমনযোগী ছিলাম। আর এজন্য চাবি, ওয়ালেট ফেলে এসে খুঁজতে হয়েছে বিভিন্ন স্থানে।
এ সময়ের ভেতর মনে মনে চিন্তা করছিলাম, ওয়ালেটটা সঠিকভাবে রেখেছি তো? এতোক্ষণ বীরত্ব ফলিয়ে এখন যদি আইডেন্টি কার্ড দেখাতে না পারি, তাহলে কী অবস্থা হবে?
পুলিশ ব্যাটা আমার দেরি দেখে একটু জোর গলায় ‘আইডি’ পুনর্বার উচ্চারণ করলো। নাহ, পাওয়া গেছে অবশেষে। ওয়ালেট থেকে বের করে আইডি দেখালাম। ভালো করে পরখ করে দেখে নিয়ে আমার উপর সন্তুষ্টির দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত প্রস্থান করলো পুলিশ।
স্থিরভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ মনে মনে ভাবছিলাম আর মেলাতে চেষ্টা করছিলাম, আমাদের দেশের আইন-শৃংখলা বাহিনীর সাথে যদি এরকম উল্টো প্রশ্ন করতাম, তাহলে কী হতে পারতো!
লেখক: প্রবাসী বাংলাদেশি
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
