যুক্তরাষ্ট্রে জর্জিয়া আ. লীগের আলোচনা সভা
যুক্তরাষ্ট্রের আটলান্টায় জর্জিয়া আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার আটলান্টার বিউফোর্ড হাইওয়ের মাইক্রোটেল হোটেল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ আলী মানিক। প্রধান অতিথি মহান বিজয় দিবসের তাৎপর্য আলোচনাসহ আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদেরকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
মুহাম্মদ আলী মানিক বলেন, “আওয়ামী লীগের একক নেতৃত্বে স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগের একক নেতৃত্বেই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আগামী নির্বাচন দেশ, জাতি ও আওয়ামী লীগের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখতে হলে এই নির্বাচনে জিততে হবে। তাই নির্বাচনে বিজয় অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
তিনি সবাইকে গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে গতবারের মতো এবারও আমার তত্ত্বাবধানেই জর্জিয়া শাখার নতুন কমিটি নির্ধারিত হবে।”
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জর্জিয়া আওয়ামী লীগের দুই সাবেক সভাপতি সলিমুল্লাহ সলি ও এম মাওলা দিলু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির কাওসার, সহ সভাপতি শেখ জামাল, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোশাররফ হোসেন ও এ এইচ রাসেল, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার নাহিদ, ক্রীড়া সম্পাদক মিনহাজুল ইসলাম বাদল, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি রেজা করিম ও সাবেক সাধারণ সম্পাদক আরেফিন বাবুল, সাংস্কৃতিক সংগঠক মারুফ ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যকরী সদস্য সাদমান সুমন ও মোহাম্মদ হোসেন।
সভায় স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
