আবুধাবিতে মহিউদ্দীন চৌধুরী স্মরণে সভা
আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, আবুধাবি।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইন্টারকন্টিনেটাল হোটেলে আয়োজিত এ সভায় সভাপত্বিত করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।
সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এমপি।
প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনূছ গনি।
এছাড়া আরও বক্তব্য দেন আল আইন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম এ হান্নান হিরু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির সভাপতি শেখ রুহুল আমিন, আবুধাবি যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জসিম, জনতা ব্যাংকের আমিরুল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মঞ্জুর আলম, দেলোয়ার হোসেন মিন্টু ও হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোশাররফ হোসেন এমপি বলেন, “চট্টগ্রামের রাজনীতিতে আমরা যেমন আরেকজন এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান, আতাউর রহমান কায়সার, আক্তারুজ্জামান বাবু পাইনি, তেমনি আর একজন মহিউদ্দীন চৌধুরী পাব না। এরশাদ বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার আদায় করতে অসহযোগ আন্দোলন সব ক্ষেত্রেই তিনি অগ্রভাগে ছিলেন। মহিউদ্দীন চৌধুরী দেশের আওয়ামী রাজনীতির জন্য অনুকরণীয় নেতা ছিলেন।”
আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, “চট্টগ্রামের স্বার্থে মহিউদ্দীন চৌধুরী কোনো সমঝোতা করেননি। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সমুন্নত রাখতে মহিউদ্দীন চৌধুরী কোনো আপোস করেননি।”
অনুষ্ঠানে বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান চৌধুরী বাবু ও স্বাধীনতা আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
