‘লন্ডন বাংলা প্রেসক্লাবে’র বিজয় দিবস উদযাপন
বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠান করেছে লন্ডন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপল এলাকার ভ্যালেন্স রোডে স্পিটালফিল্ডস হাউজিং অ্যাসোসিয়েশনের কমিউনিটি হলে ‘সুরে ছন্দে বিজয়ানন্দ’ নামে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘লন্ডন বাংলা প্রেসক্লাবে’র সভাপতি সৈয়দ নাহাস পাশা।
ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠিত এই আলেখ্যানুষ্ঠানে অতিথি শিল্পীরা ছাড়াও ক্লাব সদস্য শিল্পী ও আবৃত্তিকাররা অংশ নেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় লন্ডন ‘বাংলা প্রেসক্লাবে’র পক্ষ থেকে ইউনেস্কো’র প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে সংবাদ পাঠিকা এবং প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য রুপি আমিনের নেতৃত্বে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।
প্রেসক্লাবের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক বক্তব্য পর্বে অংশ নেন ক্লাবের ট্রেজারার আ স ম মাসুম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, আইটি সেক্রেটারী সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি তওহিদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য পলি রহমান, এলবি২৪ টিভির আলাউর রহমান খান শাহীন।
কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার উর্মি মাজহার, মুনিরা পারভীন ও শহীদুল ইসলাম সাগর। লন্ডন থেকে প্রকাশিত জনমত পত্রিকা এর নির্বাহী সম্পাদক সায়েম চৌধুরী তার লেখা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে লেখাটি পড়ে শোনান।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কয়েকটি গান ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন চিকিৎসক জাকি রেজওয়ানা আনোয়ার ও তার মেয়ে প্রপা আনোয়ার, রুপি আমিন, রবি রায়, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার, মিসবাহ জামাল, অতিথি শিল্পী রুবাইয়াত জাহান ও তাঁর দুই মেয়ে নাজওয়া হোসেন ও জেইনা হোসেন, সুমন শরীফ।
কি বোর্ডে ছিলেন জুন এবং তবলায় পিয়াস। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুপি আমিন।
সবশেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।
যারা এই আয়োজন সফল করতে নানাবাবে সাহায্য করেছেন, তাদের সকলের প্রতি তিনি ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
গোটা অনুষ্ঠান এলবি২৪ এ সরাসরি সম্প্রচারিত হয়, অনুষ্ঠান চলাকালেই যার মোট ভিউয়িং ১০ হাজার অতিক্রম করেছিলো।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
