২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবির চিঠি: আলিবাবা ও চোর

আবুধাবির হামদান স্ট্রিটের লিওয়া সেন্টারের সামনে যাত্রী ছাউনিটা কী কারণে যেন সরিয়ে ফেলা হয়েছে। তাই ওখানকার দৃশ্যপটও একেবারে পাল্টে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 01:09 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

সাশ্রয়ী হওয়ার জন্য কখনো কখনো বাসে চলাফেরা করতে হয়। বাস কার্ড করা আছে। তাছাড়া এখন ট্যাক্সি ক্যাবের ভাড়া যেভাবে গলাকাটা হয়েছে, শর্ট ডিস্টেন্সে যেতেও ক্যাব চালকরা ঘ্যা-চ্-চা-ঙ করে আপনার পকেট কেটে নেবে। ওরা যেভাবে ১৫ দিরহাম খসিয়ে নেয় তাতে বাজেটে থাকতে বাসের আশ্রয় না নিলে আমাদের মতো ছাপোষা মানুষগুলোর হার্টের ব্যামো হবে।

তো বাসের অপেক্ষায় হোম সেন্টারের আঙ্গিনায় বসে আছি, একটু পর এক প্রৌঢ় 'সালামালেকুম' বলে আমার অন্যমনস্কতায় ছেদ ঘটিয়ে বললেন, 'কেফ এনতে?' (কেমন আছো?)

বললাম, ‘তামাম, আলহামদুলিল্লাহ।’

-হোয়েন বিলাদ? (তোমার দেশ কোথায়?)

-বাংলাদেশ

বলতে আরও একবার শেকহ্যান্ড করলেন তিনি। বুঝলাম আমাদের জন্য তার হৃদয়ের অলিন্দে বিশেষ কোন জায়গা আছে। তবু তার মুখে শুনতে চাইলাম ঘটনা।

-বাঙালি জেইন? (বাঙালিরা ভালো?)

-ওয়াল্লা জেইন। (কসম খোদার ভালো)

-হোয়েন বিলাদ এনতে? (আপনার দেশ কোথায়?)

-মাসর (মিশর)

‘মিশরিরাও ভাল’ বলতে তিনি অনুচ্চ কণ্ঠে পেভমেন্টের দিকে চেয়ে বললেন, ‘মুমকিন’ (হয়তো)।

এরপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি বলে চললেন, ‘হুকুমা মাফি জেইন। আলিবাবা ফি মত্রুছ’। (সরকার ভালো না, চোরে ভরে আছে দেশ)

Image
আবু মোহামেদের সঙ্গে লেখক (বামে)

আবু মোহামেদের সঙ্গে লেখক (বামে)

এবার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন ভদ্রলোক, ‘বিলাদেক ফি আলিবাবা? (তোমার দেশেও কি অনেক চোর?) মনে মনে বললাম, চোর কি আমার দেশ তো ডাকাতে ভরা। চুরি করলে কি আমাদের জাতপাত থাকে! সিঁদ কাটা, ছিঁচকে চুরিতে আমাদের পোষাবে কেন?

কিন্তু ওই যে আমাদের আলট্রা দেশপ্রেম, লাল-সবুজকে উড্ডীন রাখতে থাকি ব্যাকুল, দূর পরবাসে তো আরও এক প্রস্থ বেশি। তাই বললাম, ‘লা লা, গালিল’। (না না কম)।

আমার মিথ্যাভাষণ তিনি হজম করতে পারলেন না, প্রতি উত্তরে তার চোখেমুখে অতৃপ্তি দেখে তাই মনে হলো। মাথা ঝাঁকিয়ে উনি বললেন, ‘না না আমি জানি তোমাদের দেশও চোরে ভরা!’

কী আর বলি, তথ্যের বাতায়ন যে আজ অবারিত। কোথাও লুকোছাপা করে কিছু রাখার আজ কি কোন উপায় আছে? উইকিলিকসরা ঘাপটি মেরে বসে আছে না! তাই চুপচাপ থাকাই শ্রেয় মনে করলাম। পেভমেন্ট থেকে চোখ না সরিয়েই তিনি বিড়বিড় করে মাথা নেড়ে বললেন, ‘ফি আলিবাবা মাফি ফায়দা, মাফি ফায়দা’। (যেখানে আলিবাবা থাকবে সেখানে উন্নতি হবে না, কোন উন্নতি হবে না।) সেখানে রুজি রোজগারে বরকত হবে না, রহমত আসবে না।

পাশেই খাটো স্কার্টের এক ফিলিপিনোকে দেখে তিনি তিনবার আস্তাগফের পড়ে বললেন, ‘সব আখেরি জামানার নিশানা। বলা আছে আখেরি জামানাতে আলিবাবায় চারদিক মাতরুছ (ভর্তি) হয়ে যাবে, উঁচু উঁচু দালান কোঠা উঠতে থাকবে, নারীরা স্বল্পবসনা হবে, মানুষের মধ্যে স্বার্থান্ধতা বাড়বে, ক্বলব ঠিক থাকবে না’।

বাস এলে একসঙ্গে উঠলাম আমরা। আমার সহযাত্রী আবু মোহামেদ, মিশরের সাদাত সিটির বাসিন্দা। সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি। জানলাম তিনি থাকেন নাদিসিয়ায় ছেলের সঙ্গে। সুনসান নিরব দু’জন আমরা।

এতক্ষণ তার সঙ্গে আলাপচারিতাটুকু অনুধাবনের চেষ্টা করছি। অন্য যাত্রীরাও চুপচাপ। সবার ধ্যানী দৃষ্টি তাদের স্মার্টফোনে। বাসের স্ক্রিনে কেবল লোকেশনের বর্ণনা আসছে একের পর এক। রাস্তার দু’পাশে আকাশছোঁয়া স্কাইস্ক্র্যাপার সারি। হঠাৎ কেন যেন মনে হলো বাসের ওপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। আমরা চলছি তো চলছিই অজানা কোন গন্তব্যে আখেরি জামানার দিকে।

সেদিন পপুলেশন রেফারেন্স ব্যুরোর একটা তথ্য পড়ছিলাম যে, পৃথিবীতে ১০১ বিলিয়ন মৃত মানুষ রয়েছে। আগামী শতাব্দীর মধ্যে এর সঙ্গে আরো ৭ বিলিয়ন যোগ হবে। তাহলে যেতে যখন হবেই তাহলে এত আলিবাবা, এত স্বার্থান্ধতা, এত মিথ্যাচার, যুদ্ধ, জিঘাংসা, এত পাপের ক্লেদে আমরা খামোখা কেন এ সুন্দর মানবগ্রহকে এভাবে ক্লেদাক্ত করছি?

গন্তব্য এলে আবু মোহামেদের সঙ্গে শেকহ্যান্ড করে বাস থেকে নেমে আন্ডারপাসের সিঁড়ি ভাঙ্গতে ভাঙ্গতে ভাবছিলাম, আবার কি কখনো দেখা হবে মিশরির সঙ্গে? কতোই না ক্ষুদ্র এ মানবজনম আমাদের!

কিন্তু ঋষির মতো তার কথাগুলো মনে থাকবে, মনে থাকবে এ কথাও, ‘ফি আলিবাবা, মাফি ফায়দা।’

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!