রোহিঙ্গা ও সন্ত্রাস বিষয়ক সেমিনার যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা নিয়ার্তন ও সন্ত্রাস বিষয়ক সেমিনার করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে গুলশান ট্যারেস মিলনায়তনে ‘রোহিঙ্গা ট্র্যাজেডি, হেইট ক্রাইম প্রিভেনশন অ্যান্ড স্ট্যান্ড এগেইনস্ট টেররিজম’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেক্রেটারি সৈয়দ আকিকুর রহমানের উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৯টি সংস্থার সমন্বয়ে গঠিত ‘বার্মা টাস্ক ফোর্স’-এর প্রধান জাতিসংঘ অ্যাডাম ক্যারল।
আলোচনায় অংশ নেন আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র প্রেসিডেন্ট গোলাম মেরাজ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক ইনস্যুরেন্স ব্রোকারেজ কোম্পানির প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সৈয়দ খাজা উমায়ের হাসান ও সৈয়দা উম্মে ফাতেমা।
সাঈদ বলেন, “সম্প্রতি আকায়েদ উল্লাহ নামক এক বাংলাদেশি যুবকের অপকর্মের দায় কোনোভাবেই জাতিগতভাবে সকল বাংলাদেশির ওপর চাপানো যাবে না। কারণ, এই আকায়েদের কোনো জাতি বা ধর্ম পরিচয় থাকতে পারে না। আকায়েদরা হচ্ছে মানবতার শত্রু। ওরা সন্ত্রাসী।”
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “রোহিঙ্গা ক্রাইসিস দ্বিপাক্ষিক বিষয় হলেও এর সমাধানের জন্য জাতিসংঘসহ বিশ্বের সকল নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত সুসংহত রাখতে। ইতোমধ্যেই সিকিউরিটি কাউন্সিলের সভাতেও আমরা রোহিঙ্গা সমস্যার বিস্তারিত আলোকপাত করেছি।”
গোলাম মেরাজ বলেন, “রোহিঙ্গা ইস্যুতে আমরা আন্তর্জাতিক মহলের সাথে কাজ করে যাচ্ছি। মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে মার্কিন কংগ্রেসের সমর্থন দরকার। তাই নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানকে কনভিন্স করতে প্রত্যেক প্রবাসীর ভূমিকা অপরিহার্য।”
সেমিনার শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও সমাজকর্মে অবদান রাখার জন্য এটর্নি মেরি এস পনিস, রানো নেওয়াজ, মনি হোম কেয়ার, আসিফ বারি টুটুল, সৈয়দ খাজা উমাইর হাসান ও সৈয়দা উম্মে ফাতেমাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
