বাংলাদেশের উন্নয়ন বিষয়ক সেমিনার যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ‘বর্তমান সরকারের উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “১৯৯১ সালে বাংলাদেশের ওপর দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের আবেদন প্রত্যাখান করা হয় এই বলে যে, তাহলে বাংলাদেশের কোনো তথ্যই গোপন থাকবে না। সবকিছু পাচার হয়ে যাবে। আর এভাবেই বিএনপি বাংলাদেশকে পিছিয়ে রাখার গভীর ষড়যন্ত্র চালিয়েছিল।”
আমিনুল ইসলাম আরও বলেন, “সে সময় যদি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হতো, তাহলে বাংলাদেশ আজ অনেক ওপরে উঠতো। তবে জাতির জনকের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ রচনার পথে অনেক অগ্রসর হয়েছি আমরা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি উন্নয়নে একিভূত।”
আমিনুল ইসলাম বলেন, “বিশ্বের সৎ রাষ্ট্র নায়কের দশজনের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তৃতীয় স্থানে। এরচেয়ে বড় অহংকারের আর কি হতে পারে। বিএনপি-জামাতের শাসনামলে দুর্নীতিতে টানা তিনবারের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন আর সে অপবাদ নেই।”
বিষয়বস্তুর ওপর আলোচনায় আরও অংশ নেন সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার ও আব্দুল হামিদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
