৯ মাসে সরকারিভাবে মালয়েশিয়া গেছেন ৮৩ হাজার কর্মী
চলতি বছরে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় গেছে ৮৩ হাজারও বেশি বাংলাদেশি কর্মী।
সোমবার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম সায়েদুল ইসলাম বলেন, “জিটুজি প্লাস পদ্ধতিতে এ বছর মালয়েশিয়ায় গেছে ৮৩ হাজার ১৬৯ জন বাংলাদেশি কর্মী। এছাড়া মালয়েশিয়ার দুই হাজার ৫৬৯টি কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিতে চাহিদাপত্র দিয়েছেন।
তিনি জানান, জনশক্তি রপ্তানির জন্য এসব কোম্পানি থেকে এক লাখ ২০ হাজার ২৮৯জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে দূতাবাস। এরমধ্যে এক লাখ ৭ হাজার ৮২ জন কর্মীর চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছে। সত্যায়িত কর্মীদের মধ্যে ৮৩ হাজার ১৬৯ জন কর্মী মালয়েশিয়ায় গিয়েছেন।
২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকায় সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য জিটুজি চুক্তি স্বাক্ষর হয়। চলতি বছরের ১১ মার্চ থেকে জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়।
শ্রম কাউন্সেলর সায়েদুল বলেন, “জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় আসা কর্মীরা সবাই যথাযথ কোম্পানিতে কাজ করছেন। এখনও পর্যন্ত কোনও রকম বিশৃঙ্খলা ছাড়াই সব কাজ সম্পাদন হয়েছে।”
তিনি জানান, আট লাখেরও বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ১২ লাখ বাংলাদেশির মধ্যে যা ৮ শতাংশ বলে জানান তিনি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
